কলেজছাত্রীকে লাঞ্ছিতের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় সিলেটের ফেঞ্চুগঞ্জে গত বৃহস্পতিবার গোবিন্দ বিশ্বাস (২৪) নামের এক ব্যক্তি উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে লাঞ্ছিত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ওই কলেজছাত্রী থানায় লিখিত অভিযোগ দিয়েছে। কিন্তু পুলিশ গোবিন্দের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেয়নি। এতে ওই ছাত্রী কলেজে যেতে ভয় পাচ্ছে।
ছাত্রীটি জানায়, গোবিন্দ বিশ্বাস দীর্ঘদিন ধরে তাকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছেন। এতে সে রাজি না হওয়ায় তার ওপর ক্ষুব্ধ ছিলেন তিনি। গত বৃহস্পতিবার সে কলেজ থেকে হেঁটে বাড়ি ফিরছিল। সে বাদেদেউলি এলাকায় পৌঁছালে গোবিন্দ তাকে চড়, থাপড়, কিল-ঘুষি মারতে থাকেন। এ সময় সে কান্নাকাটি শুরু করলে গোবিন্দ পালিয়ে যান।
ওই ছাত্রী আরও জানায়, বাড়ি ফিরে সে ঘটনাটি তার মা-বাবাকে জানায়। পরে তার অভিভাবকেরা বিষয়টি কলেজের অধ্যক্ষকে জানান। অধ্যক্ষের পরামর্শে সেদিন সন্ধ্যায় সে থানায় গোবিন্দের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেয়। কিন্তু পুলিশ এখনো তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।
মেয়েটি বলে, ‘কয়েক কিলোমিটার হেঁটে কলেজে যাই। গোবিন্দ আসা-যাওয়ার পথে বারবার বিরক্ত করে। সে প্রভাবশালী পরিবারের সন্তান হওয়ায় কেউ কথা বলে না। পুলিশ গোবিন্দের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় কলেজে যেতে ভয় হচ্ছে।’
গোবিন্দ বিশ্বাস বলেন, ‘আমি তাকে মারধর করিনি। তাকে বোঝাতে চেয়েছিলাম।’ ফেঞ্চুগঞ্জ থানার ওসি সহিদুর রহমান বলেন, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।