কলেজছাত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন
গোপালগঞ্জের কাশিয়ানীতে কলেজছাত্রী শারমিন সুলতানাকে (১৯) হত্যার প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার কাশিয়ানী এম এ খালেক ডিগ্রি কলেজে ক্যাম্পাসে ঘণ্টাব্যাপী ওই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা শারমিনের হত্যাকারী নৌবাহিনীর সদস্য স্বামী সজীবুজ্জামান জনি ও পরিবারের সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন কলেজের ছাত্রসংসদের সহসভাপতি আজাদ মৃধা, সাধারণ সম্পাদক ইমদাদুল হক, অভিভাবক সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ।
গত ৩১ জুলাই গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাজড়া গ্রামে অন্তঃসত্ত্বা গৃহবধূ শারমিন সুলতানাকে তাঁর স্বামী ও পরিবারের সদস্যরা হত্যা করেন বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় নিহত কলেজছাত্রীর বাবা শাহজাহান হোসেন কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ শারমিন সুলতানার শাশুড়ি পারুল বেগমকে গ্রেপ্তার করে।
কাশিয়ানী থানার ওসি মনির হোসেন বলেন, শারমিন সুলতানার স্বামী সজিবুজ্জামান ও শ্বশুর সরাফত হোসেন এখনো পলাতক।
২ আগস্ট প্রথম আলোয় ‘গোপালগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।