কলেজছাত্রীকে হয়রানির দায়ে যুবকের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় এক কলেজছাত্রীকে হয়রানি করার দায়ে গতকাল রোববার আনোয়ার হোসেন (২০) নামের এক যুবককে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাটুরিয়া থানার সূত্র জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার হরগজ নয়াপাড়া গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে আনোয়ার স্থানীয় কালুশাহ ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিলেন। মেয়েটি তার অভিভাবকদের বিষয়টি জানালে গত শনিবার তার মা সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ করেন। এই অভিযোগের ভিত্তিতেই গতকাল সকালে বাড়ি থেকে আনোয়ারকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন আক্তার ওই যুবককে দুই মাসের কারাদণ্ড দেন।সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, দণ্ডপ্রাপ্ত ওই যুবককে গতকাল দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।