কলেজছাত্রীকে 'হত্যা'র প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজছাত্রী আশা বেগমকে (২৩) ‘হত্যা’র প্রতিবাদে এবং দোষী ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল মঙ্গলবার শেরপুর শহরে মানববন্ধন হয়েছে। আশা শহরের মীরগঞ্জ এলাকার আতোয়ার তালুকদারের মেয়ে ও শেরপুর সরকারি কলেজের সম্মান (অনার্স) তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
নিহতের পরিবারের অভিযোগ, গত সোমবার আশাকে শ্বাসরোধে হত্যা করেছেন শ্বশুরবাড়ির লোকজন। প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের নিউমার্কেট মোড় থেকে রঘুনাথ বাজার থানা মোড় পর্যন্ত ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা মানববন্ধনে নিহত ছাত্রীর পরিবার, শেরপুর সরকারি কলেজের ছাত্রছাত্রীসহ এলাকার সর্বস্তরের লোকজন অংশ নেন।
ওই দিনই আশার ভাই হাদী ইমাম তালুকদার একটি মামলা করেন। মামলায় আশার স্বামী জীবন মিয়া, শ্বশুর সুরুজ্জামান ও শাশুড়ি হামেদা বেগমের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা তিন-চারজনকে আসামি করা হয়েছে।