কলেজছাত্রীদের উত্ত্যক্তকারী তরুণের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরসাইকেল চালানোর সময় মো. সেলিম (২৮) নামের এক তরুণ প্রায়ই কলেজগামী ছাত্রীদের উত্ত্যক্ত করতেন। গতকাল বুধবার এক ছাত্রীর গায়ে হাত দিয়ে পালানোর সময় এক ব্যক্তির সহায়তায় সেলিমকে আটক করেন ছাত্রীরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুজ্জামান আল মাসউদ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেলিমকে ছয় মাসের কারাদণ্ড দেন।
সেলিম বিরামপুর পৌর শহরের দেবীপুর (দওলাপাড়া) গ্রামের বাসিন্দা। এদিকে এক কলেজছাত্রীর শ্লীলতাহানি করায় একই আদালত এক ভ্যানচালককেও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।
বিরামপুর মহিলা কলেজের চারজন ছাত্রী ইউএনও এস এম মনিরুজ্জামান আল মাসউদকে বলেন, ১০/১২ দিন থেকে সকালে ছাত্রীরা কলেজে আসার পথে শহীদ মিনার মাঠ থেকে কলেজে রোডে বখাটে সেলিম দ্রুতগতিতে মোটরসাইকেল নিয়ে এসে পেছন থেকে ছাত্রীদের গায়ে হাত দিয়ে পালিয়ে যেতেন। এই কয়েক দিনে সেলিম তাঁদের কলেজের ছয় ছাত্রীর গায়ে স্পর্শ করেন। গতকাল সকালে এক ছাত্রীর গায়ে হাত দিয়ে পালানোর সময় এক ব্যক্তিসহ ছাত্রীরা সেলিমকে আটক করে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশকে খবর দেন। পরে আদালত তাঁকে ওই শাস্তি দেন।
কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার বলেন, ‘১০/১২ দিন ধরে ছাত্রীরা বখাটে সেলিমের বিষয়ে অভিযোগ দিচ্ছিল। কিন্তু তাঁর সঠিক পরিচয় না পাওয়ায় কলেজ কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিতে পারেনি। সেলিমকে হাতেনাতে আটক করার সুযোগের অপেক্ষায় ছিলাম। আজ (গতকাল) সে সুযোগ আসে।’
অপর এক কলেজছাত্রী বলেন, সকালে উপজেলার ধানজুড়ি মিশনে চিকিৎসার জন্য আসার পথে এক ভ্যানচালক তাঁকে অনুসরণ করেন। পরে ধানজুড়ি মিশনের পাশে একটি জঙ্গলে তাঁকে একা পেয়ে ওই ভ্যানচালক তাঁর শ্লীলতাহানীর চেষ্টা করেন। বিষয়টি তিনি দ্রুত মুঠোফোনে তাঁর বড় ভাইকে জানান। বড় ভাই ঘটনাস্থলে এসে এলাকার যুবকদের নিয়ে ওই ভ্যানচালককে আটক করে পুলিশে সোপর্দ করেন। পরে আদালত তাঁকে ওই সাজা দেন।’
বিরামপুর থানার উপপরিদর্শক (এসআই) সুলতান মাহমুদ আকন্দ প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে আদালতের বিচারক ইউএনও মনিরুজ্জামান আল মাসউদ ওই দুজনকে ছয় মাস করে কারাদণ্ড দেন।