কলেজছাত্রীর অর্ধনগ্ন ভিডিওচিত্র ধারণের ঘটনায় দুজন গ্রেপ্তার
নোয়াখালীর বেগমগঞ্জে কলেজছাত্রীকে অর্ধনগ্ন করে ভিডিওচিত্র ও স্থিরচিত্র ধারণ এবং বাড়িঘরে হামলা-ভাঙচুরের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন, মো. শান্ত (২৮) ও মাঈন উদ্দিন (২৬)। পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার রাতে পার্শ্ববর্তী সেনবাগ উপজেলার দেবীসিংপুর গ্রামে অভিযান চালিয়ে স্থানীয় থানা পুলিশের সহায়তায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়। তবে এ ঘটনার মূল নায়ক তাজুল ইসলাম ওরফে সুমনকে গ্রেপ্তার করা যায়নি।বেগমগঞ্জের কাদিরপুর গ্রামের ওই মেয়েটিকে কলেজে আসা-যাওয়ার পথে একই কলেজের ছাত্র ও দেবীসিংপুর গ্রামের তাজুল ইসলাম ওরফে সুমন উত্ত্যক্ত করত। মেয়েটির বাবা বিষয়টি গত মঙ্গলবার কলেজের অধ্যক্ষকে জানান। এতে ক্ষিপ্ত হয়ে সুমন রাতে দলবল নিয়ে মেয়েটির বাড়িতে হানা দেয়। তারা মেয়েটিকে পড়ার টেবিল থেকে টেনেহিঁচড়ে বাইরে এনে তাকে অর্ধনগ্ন করে ভিডিওচিত্র ও স্থিরচিত্র ধারণ করে। পরে তারা বসতঘরে ভাঙচুর চালায়, লোকজনকে মারধরও করে। বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুরুল হাকিম জানান, এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে থানায় মামলা করেছেন। এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ড চেয়ে গতকাল তাঁদের আদালতে পাঠানো হয়েছে।এদিকে এ ঘটনা তদন্তে কলেজ কর্তৃপক্ষ তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটিকে ৮ অক্টোবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।কলেজের অধ্যক্ষ বলেন, তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে অভিযুক্ত ছাত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সহকারী পুলিশ সুপার (বেগমগঞ্জ সার্কেল) আলী হোসেন গতকাল বিকেলে মেয়েটির বাড়িতে যান। তিনি মেয়েটির পরিবারকে এ ঘটনায় জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।