কলেজছাত্রীর আত্মহত্যা, উত্ত্যক্তের অভিযোগে দুইজনের নামে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শেরপুর উপজেলার বড়ীতলী গ্রামের রিকশাচালক আবদুল জলিলের স্বপ্ন ছিল তাঁর মেয়ে রেশমা খাতুনকে (১৮) লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে তোলার। অনেক কষ্টের মধ্যে মেয়েকে উপজেলা শালফা টেকনিক্যাল কলেজে ভর্তি করেন। সামনের মাসেই এইচএসসি পরীক্ষা। পরীক্ষা দেওয়া হলো না। দুই বখাটের অত্যাচারে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।রেশমার আত্মহত্যায় প্ররোচনাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে শিক্ষার্থীরা কলেজ চত্বরে গতকাল মঙ্গলবার দুপুরে মিছিল ও প্রতিবাদ সভা করেছে। এ কর্মসূচিতে ওই কলেজের দায়িত্বরত শিক্ষকেরাও যোগ দেন। রেশমার মৃত্যুর দুই দিন পর গতকাল সরেজমিনে পরিদর্শন করেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজার রহমান ও সহকারী পুলিশ সুপার (বি-সার্কেল) মো. কাজেম উদ্দিন।পারিবারিক সূত্র জানায়, রেশমা বাড়ির সবার অগোচরে গত রোববার সন্ধ্যায় বিষপান (কীটনাশক) করে। এতে তার মৃত্যু হয়। তার লাশ বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে গত সোমবার গ্রামে দাফন করা হয়। মৃত্যুর এই ঘটনা নিয়ে রেশমার বাবা রোববার রাতেই থানায় দুই বখাটে মুন্নাফ ও রবিনের বিরুদ্ধে মামলা করেন। কিন্তু দুই দিনেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মুন্নাফ ও রবিন বগুড়ার আযিযুল হক কলেজের সম্মান শেষ বর্ষের ছাত্র বলে জানা গেছে। মুন্নাফ বড়ীতলী গ্রামের জেল হোসেন ও রবিন একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে। গ্রামবাসীর কয়েকজনের ভাষ্যমতে, মুন্নাফের দাদারা এলাকার প্রভাবশালী হওয়ায় তাদের বিরুদ্ধে ত্বরিত ব্যবস্থা নেওয়া হয়নি।ওই গ্রামের কমেলা খাতুন ও ফিরোজা খাতুন জানান, রেশমার মৃত্যুর দিনগত রাত এবং পরদিন বিকেল পর্যন্ত দুই বখাটে গ্রামেই ছিল। ময়নাতদন্ত শেষে লাশটি গ্রামে আনার পর তারা পালিয়েছে। পুলিশ ওই সময় তাদের গ্রেপ্তার করেনি। রেশমার বাবা আবদুল জলিল অভিযোগ করেন, ওই দুই বখাটে প্রায় এক বছর ধরে তাঁর মেয়েকে উত্ত্যক্ত করে আসছে। এই আচরণ বন্ধের জন্য তিনি ওই দুই যুবকের অভিভাবকের কাছে একাধিকবার বিচার চেয়েছেন। তাতে কোনো কাজ হয়নি। পরে এ সমস্যা নিয়ে তিনি গ্রামের মাতব্বর মকবুল ফকির, জয়নাল মাস্টার, শিক্ষক রবিউল করিম, সাবেক ইউপি সদস্য আজগর আলীর কাছে বিচারপ্রার্থী হয়েছেন। মাতব্বরেরা তাঁকে আইনের আশ্রয় নেওয়ার পরামর্শ দেন। রবিউল করিম বলেন, ছেলে দুটি উচ্ছৃঙ্খল। মেয়ের বাবাকে আমরা আইনের আশ্রয় নিতে বলেছিলাম। জলিল কান্নাজড়িত কণ্ঠে বলেন, আইনের আশ্রয় নিলে যদি মেয়ের লেখাপড়া এবং আগামী মাসে এইচএসসি পরীক্ষা বন্ধ হয়ে যায়, এই আশঙ্কায় তিনি আইনের আশ্রয় নেওয়া থেকে দূরে থাকেন। পাঁচ সন্তানের মধ্যে রেশমা সবার ছোট। রেশমার মা সাবিরা খাতুন তাঁর মেয়ের হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। ওই গ্রামের তরুণ বেলাল হোসেন জানান, প্রায়ই বখাটেরা রেশমাকে উত্ত্যক্ত করত। এ কারণে রেশমা স্বাধীনভাবে বাড়ির বাইরে যেতে পারত না। ২ মার্চ রেশমা বাড়ির পাশে নদীতে গেলে ওই দুই বখাটে তাকে শ্লীলতাহানির চেষ্টাও চালায় বলে তিনি জেনেছেন। তবে মুন্নাফের ভাবী শেফালী খাতুন দাবি করেন, রেশমাদের অভাবী পরিবার। পারিবারিক কলহের কারণে সে বিষপানে আত্মহত্যা করে থাকতে পারে।পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল আউয়াল খান জানান, এই মৃত্যুর ঘটনার পরই ওই দুই যুবক গ্রাম থেকে পালিয়ে যায়। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, ওই দুই বখাটেকে গ্রেপ্তারের জন্য সকল পদক্ষেপ নেওয়া হয়েছে।