কলেজছাত্রীর আত্মহনেনর ঘটনায় মামলা
পটুয়াখালীর গলাচিপায় কলেজছাত্রী রিমা আকতারের (১৮) আত্মহননের ঘটনায় আদালতে মামলা হয়েছে। ছাত্রীর বাবা ও উপজেলার আমখোলা ইউনিয়নের দড়িবাহেরচর গ্রামের মো. ইউসুফ সিকদার গতকাল বৃহস্পতিবার গলাচিপা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এ মামলা করেন।
মামলায় উপজেলার কলাগাছিয়া গ্রামের মো. নাসির সিকদার (৩৬) ও তাঁর চার সহযোগীর নাম উল্লেখসহ ১১ জনকে আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তদন্তের নির্দেশ দেন।
মামলার বিবরণে বলা হয়েছে, রিমা আকতার গলাচিপার কলাগাছিয়া সেকান্দার আলী চৌধুরী ডিগ্রি কলেজ থেকে এ বছর উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা দিয়েছেন। কলেজে যাওয়া-আসার পথে নাসির সিকদার প্রায়ই রিমাকে উত্ত্যক্ত করতেন। পরীক্ষা শেষে কলেজে যাওয়া বন্ধ হলে আসামিরা রিমার বাড়িতে গিয়েও তাঁকে উত্ত্যক্ত করে আসছিলেন। একপর্যায়ে নাসির রিমাকে বিয়ের প্রস্তাব দিয়ে ব্যর্থ হন। এতে ক্ষিপ্ত হয়ে নাসির গত সোমবার রাতে সহযোগীদের নিয়ে রিমাদের বাড়ি যান। এ সময় পরিবারকে রিমার সঙ্গে তাঁর বিয়ে দিতে বলেন। তা না হলে রিমাকে তুলে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়। সারা রাত ধরে পরিবারকে ভয়ভীতি দেখানো হয়। রিমার বাবা মুঠোফোনে বিষয়টি নাসিরের পরিবারকে জানালেও কোনো লাভ হয়নি। এ অবস্থায় মঙ্গলবার ভোরে রিমা কীটনাশক পান করেন। পরে দুপুরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।