কলেজছাত্রীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী জোসনা আক্তার ও তার পরিবারের ওপর হামলার বিচারের দাবিতে গতকাল বুধবার কলেজের শিক্ষক, ছাত্রছাত্রী ও কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। গাছ থেকে জাম পাড়তে নিষেধ করায় জোসনা আক্তারকে (১৭) গত ৩০ মে রাতে সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। এরপর ১৩ জুন তারা জোসনার বাবা ও তিন ভাইকে পিটিয়ে জখম করে। কলেজ চত্বরে গতকাল সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত মানববন্ধন চলাকালে ঘটনায় জড়িত সন্ত্রাসীদের বিচারের দাবি জানিয়ে বক্তব্য দেন কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, উপাধ্যক্ষ আবদুল হালিম তালুকদার, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ আবদুল কাদের শেখ, আলাউদ্দিন মোল্যা, সৌমেন দাস ভরত, আমিরুল ইসলাম, আবদুল আউয়াল, জোসনা আক্তারের ভাই সাইদুল ইসলাম, সহপাঠী কৃষ্ণা মণ্ডল, আমেনা খাতুন প্রমুখ। অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন বলেন, ‘দ্রুত এ ঘটনার বিচার করা না হলে আরও বড় ধরনের আন্দোলন গড়ে তোলা হবে।’