কলেজছাত্রীর চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহনের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের জকিগঞ্জে বখাটের হামলায় আহত কলেজছাত্রী ঝুমা বেগমের চিকিৎসার ব্যয়ভার সরকারকে বহন করার আহ্বান জানিয়েছে যৌন নির্যাতন নির্মূলকরণ নেটওয়ার্ক। গতকাল বুধবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করে এ আহ্বান জানায় সংগঠনটি।

যৌন নির্যাতন নির্মূলকরণ নেটওয়ার্কের ব্যানারে মানববন্ধন চলাকালে প্রতিবাদ সমাবেশও হয়। নেটওয়ার্কের আহ্বায়ক ও সুজন সিলেট চ্যাপ্টারের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির বিভাগীয় প্রধান সৈয়দা শিরিন আক্তারসহ প্রমুখ বক্তব্য দেন।

জকিগঞ্জের রসুলপুর গ্রামের বাসিন্দা ঝুমা বেগম গত রোববার বিকেলে কালীগঞ্জ বাজারের কাছে একই গ্রামের বখাটে বাহার উদ্দিনের হাতে ছুরিকাহত হয়। তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। ছুরিকাঘাতে তার বাঁ হাত ও পেটের একাংশ জখম হয়েছে। ঘটনার পর থেকে বাহার পলাতক। ঝুমা বিয়ানীবাজার সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় তার মা করিমা বেগম বাদী হয়ে জকিগঞ্জ থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা করেন। এতে বাহারের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে।

এদিকে ঘটনার তিন দিন পরও বাহারকে পুলিশ গ্রেপ্তার করতে না পারায় উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।