কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
রাজধানীর ফকিরেরপুলের নিজ বাসার সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় গতকাল শনিবার দুপুরে আফ্রিদিতা অ্যানি (১৮) নামে এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আফ্রিদিতা বকশিবাজারের বেগম বদরুননেসা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। মতিঝিল থানা সূত্র জানায়, আফ্রিদিতা মা-বাবার সঙ্গে ফকিরেরপুলের বাসার দ্বিতীয় তলায় থাকতেন। বাবা আবদুল মালেক একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানের মালিক। গতকাল খবর পেয়ে মতিঝিল থানার পুলিশ ওই বাসায় যায় এবং শোবার ঘরের তালা খুলে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় আফ্রিদিতার ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, শুক্রবার রাত ১১টার দিকে আফ্রিদিতা তাঁর শোবার ঘরে ঢুকে ভেতর থেকে তালা লাগিয়ে দেন। গতকাল দুপুর পর্যন্ত ঘর থেকে বের না হওয়ায় পরিবারের লোকজন ডাকাডাকি শুরু করে, কিন্তু তারা কোনো সাড়া পায়নি। পরে তারা মতিঝিল থানায় বিষয়টি জানায়। পুলিশ এসে মিস্ত্রি ডেকে তালা খোলে।ওসি জানান, আফ্রিদিতার মৃত্যু আত্মহত্যাজনিত।