কলেজছাত্রীর বাঁ গালে বখাটের ক্ষুরের পোচ
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কলেজছাত্রীর বাঁ গাল ক্ষুর দিয়ে কেটে রক্তাক্ত করেছে এক বখাটে। গত সোমবার দুপুর ১২টার দিকে কিশোরগঞ্জ শহরের ফিশারি লিংক রোডে এ ঘটনা ঘটে। ওই ছাত্রী বর্তমানে কিশোরগঞ্জ ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালে ভর্তি। তার গালে ১৮টি সেলাই দেওয়া হয়েছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার কিশোরগঞ্জ মডেল থানায় তিনজনের বিরুদ্ধে মামলা করেছে ওই ছাত্রী। পুলিশ মামলার আসামি তানজিদ আহমেদ ওরফে সাজিদকে গ্রেপ্তার করেছে। তবে প্রধান আসামি মাহবুবকে (২২) গ্রেপ্তার করতে পারেনি।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজের দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার ওই নির্যাতিত ছাত্রীর বাড়ি জেলার হোসেনপুর উপজেলায়। সে কলেজসংলগ্ন শহরের ফিশারি লিংক রোডের একটি ছাত্রীমেসে থেকে পড়াশোনা করছিল। তিন মাস ধরে হোসেনপুর উপজেলার লাকুহাটি গ্রামের বাসিন্দা হোসেনপুর ডিগ্রি কলেজের ছাত্র মাহবুব মেয়েটিকে উত্ত্যক্ত করে আসছিল। সম্প্রতি মাহবুব বেপরোয়া হয়ে ওঠে। মেয়েটিকে তার সঙ্গে প্রেম করতে চাপ দেয়। মেয়েটি রাজি না হওয়ায় প্রায় প্রতিদিনই ভয়ভীতি দেখাতে থাকে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, সোমবার দুপুর ১২টার দিকে মেয়েটি হারুয়া এলাকার একটি কোচিং থেকে মেসে ফিরছিল। পথে ফিশারি লিংক রোডে মাহবুব ও তার সহযোগীরা মোটরসাইকেল দিয়ে মেয়েটির গতি রোধ করে। আবারও মেয়েটিকে প্রেমের প্রস্তাব দেয় মাহবুব। রাজি না হলে মেয়েটির সঙ্গে বাগিবতণ্ডা করতে থাকে। একপর্যায়ে ধারালো ক্ষুর দিয়ে মেয়েটির বাঁ গালে মারাত্মক জখম করে মাহবুব। মেয়েটি অচেতন হয়ে পড়ে। ওই পথ দিয়ে যাওয়ার সময় এ দৃশ্য দেখে চিৎকার দেয় একদল ছাত্রী। পালিয়ে যায় মাহবুব ও তার সহযোগীরা। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে মেয়েটিকে কিশোরগঞ্জ ২৫০ শয্যার আধুনিক হাসপাতালে নিয়ে যায়।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, মেয়েটির অবস্থা গুরুতর ছিল। তার গালে ১৮টি সেলাই লেগেছে এবং প্রচুর রক্তক্ষরণ হয়েছে। বর্তমানে শঙ্কামুক্ত হলেও চিকিৎসকদের বিশেষ নজরে রয়েছে। মেয়েটির কৃষক বাবা প্রথম আলোকে জানান, তাঁর মেয়ে মেধাবী হওয়ায় আর্থিক সীমাবদ্ধতার মধ্যেও পড়াশোনার জন্য তাকে কিশোরগঞ্জ শহরে পাঠিয়েছেন। বখাটেদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তিনি। কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশাররফ হোসেন বলেন, এ ব্যাপারে মামলার পর বখাটে মাহবুবের সহযোগী তানজিদকে হাসপাতাল সড়ক থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গতকাল আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।