কলেজছাত্রীর বোরকায় আগুন দিল সহপাঠী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় গোপালগঞ্জের মুকসুদপুর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর প্রথম বর্ষের এক ছাত্রীর বোরকায় তার এক সহপাঠী আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকালে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। পুলিশ ও ওই ছাত্রীর ভাষ্যমতে, কলেজে ভর্তির পর থেকে মুকসুদপুর উপজেলা সদরের গোপীনাথপুর গ্রামের মো. রবিউল ও মো. সোহেল শেখ নামের ওই দুই সহপাঠী ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। গতকাল সকাল পৌনে ১০টার দিকে ক্যাম্পাসে গেলে রবিউল ও সোহেল ওই ছাত্রীর পথরোধ করে তাকে থামতে বলে। কিন্তু ওদের কথায় কান না দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাইলে রবিউল দেশলাইয়ের জ্বলন্ত কাঠি ওই ছাত্রীর গায়ে ছুড়ে মারলে আগুন ধরে যায়। এ সময় ছাত্রীর চিৎকার শুনে শিক্ষকেরা এগিয়ে এসে তাকে রক্ষা করেন। ওই ছাত্রীর বাড়ি ফরিদপুরের সালথা উপজেলার বাউশখালী গ্রামে। মুকসুদপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় ওই ছাত্রীর মা লিখিত অভিযোগ দিয়েছেন। ওই দুই বখাটের বাড়ি অভিযান চালিয়ে পাওয়া যায়নি। তবে গ্রেপ্তারের চেষ্টা চলছে।