কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের নবাবগঞ্জে গতকাল মঙ্গলবার সকালে আয়শা খাতুন (১৯) নামের এক কলেজছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ছাত্রীর নানা জয়নাল আবেদীন বাদী হয়ে নবাবগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।
আয়শা উপজেলার ৮ নম্বর মাহমুদপুর ইউনিয়নের পূর্ব ফতেহপুর গ্রামের আনোয়ারুল হকের মেয়ে। তিনি স্থানীয় মোগড়পাড়া কলেজে ডিগ্রি প্রথম বর্ষে লেখাপড়া করতেন।
জয়নাল আবেদীন জানান, গত সোমবার রাত ১১টার দিকে তিনি মুঠোফোনে আয়শার মৃত্যুর খবর পান। খবর পেয়ে তিনি রংপুরের পীরগঞ্জের নিজ বাড়ি থেকে আয়শাদের বাড়িতে আসেন। এসে তিনি জানতে পারেন, আয়শার বাবা-মা ওই দিন বিকেলেই পাশের গ্রামে বেড়াতে গিয়েছিলেন। রাত ১০টার দিকে তাঁরা বাড়িতে এসে আয়শার ঘর তালাবদ্ধ অবস্থায় দেখতে পান। এ সময় তাঁরা আয়শাকে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের জানালা দিয়ে আয়শাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
নবাবগঞ্জ থানার এসআই মোজাফ্ফর রহমান জানান, আয়শা আত্মহত্যা করেছেন, নাকি তাঁকে হত্যা করা হয়েছে—তা ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া বলা সম্ভব নয়। ওসি এস কে আবদুল্লাহ আল সাইদ জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তে কারও সম্পৃক্ততা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।