কলেজছাত্রীর লাশ উদ্ধার তিন বান্ধবী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চা-বাগান এলাকায় বেড়াতে গিয়ে তুরাগ নদে পড়ে নিখোঁজ হওয়া কলেজছাত্রীর লাশ গতকাল রোববার বিকেলে উদ্ধার করা হয়েছে।

ওই কলেজছাত্রী কালিয়াকৈর উপজেলার পূর্ব মৌচাক এলাকার শহিদুল ইসলামের মেয়ে সেলিনা আক্তার। সে চন্দ্রা ত্রিমোড় এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু কলেজের ব্যবসায় শিক্ষা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী।

সেলিনা গত শনিবার বিকেলে তিন বান্ধবীকে নিয়ে চা-বাগান এলাকায় তুরাগ নদের পাশে বেড়াতে যায়। সেখানে সেতুর ওপর বসে থাকা সেলিনা হঠাৎ নদীতে পড়ে যায়। গতকাল এক কিলোমিটার দূরে জেলেদের পেতে রাখা জালে আটকা পড়ে লাশটি। পুলিশ এ ঘটনার রহস্য উদ্ঘাটন করতে সেলিনার তিন বান্ধবীকে আটক করেছে।

সেলিনার এক খালাতো বোন দাবি করেন, গত শনিবার বিকেলে সেলিনা আক্তার তার তিন বান্ধবীকে নিয়ে প্রেমিকের সঙ্গে দেখা করতে চা-বাগান এলাকায় যায়। পরে কথা বলার একপর্যায়ে প্রেমিকের সঙ্গে সেলিনার বাগিবতণ্ডা হয়। প্রেমিক সেলিনার কাছ থেকে চলে আসতে থাকে। এ সময় সেলিনা সেতুর ওপর থেকে নদীতে ঝাঁপ দেয়। প্রেমিক কথা বলার সময় বান্ধবীরা দূরে অবস্থান করে বলে জানান তিনি।