কলেজছাত্রীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ শহরে ফাতেমা বিনতে কাশেম (২২) নামের এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গত রোববার চকদেব মাস্টারপাড়া মহল্লার ওই ছাত্রীর বাসা থেকে হাত-পা বাঁধা ও ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ওই থানার এসআই মো. আফজাল হোসেন জানান, নওগাঁ সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে স্নাতক প্রথম বর্ষের ছাত্রী ছিলেন ফাতেমা। রোববার সন্ধ্যা সাড়ে সাতটায় মাস্টারপাড়া মহল্লায় অবস্থিত তাঁদের ভাড়া বাসা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে। এসআই জানান, ফাতেমার বাবা আবুল কাশেম একটি পেট্রোল পাম্পে এবং মা সুফিয়া খাতুন গণপূর্ত কার্যালয়ে চাকরি করেন। তাঁরা মেয়ে ফাতেমাকে নিয়ে ওই মহল্লার ডাক্তার আজিজুল হকের বাসার একটি অংশে ভাড়া থাকতেন। রোববার সন্ধ্যায় মা সুফিয়া খাতুন বাসার কলিং বেল টিপে মেয়েকে ডাকতে থাকেন। পরে আশপাশের লোকজন ডেকে বাসার ভেতরে ঢুকে তাঁরা ফাতেমাকে হাত-পা বাঁধা ও ঝুলন্ত অবস্থায় থাকতে দেখেন।
ফাতেমার বাবা-মা জানান, দুর্বৃত্তরা তাঁকে হত্যা করে গলায় দড়ি বেঁধে লাশ ঝুলিয়ে রেখেছে। তাঁর দুই পা বাঁধা এবং মুখ টেপ দিয়ে আটকানো ছিল। এ ঘটনায় ফাতেমার বাবা হত্যা মামলা করেছেন।