কলেজছাত্রীসহ তিন জেলায় নিহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় সাতক্ষীরার শ্যামনগরে কলেজছাত্রী, মাগুরায় দুই মোটরসাইকেল আরোহী, গোপালগঞ্জে মা-ছেলে ও বরিশালের গৌরনদী উপজেলায় এক বাসযাত্রী নিহত হয়েছেন। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সাতক্ষীরা: বুধবার রাত ১০টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর গ্রামে মোটরসাইকেল ও ইঞ্জিনচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্রী নূরজাহান খাতুন (১৭) প্রাণ হারান। তিনি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার রাজবাড়ী কলেজের একাদশ বর্ষের মানবিক বিভাগের ছাত্রী ও কালীগঞ্জ উপজেলার নাথুয়ারবেড় গ্রামের আবু রাশেদের মেয়ে।মাগুরা: শহরের ভায়না মোড় এলাকায় ট্রাফিক পুলিশ ফাঁড়ির সামনে বুধবার বিকেলে ট্রাক ও বাসের মাঝে চাপা পড়ে মোটরসাইকেল আরোহী সিরাজুল ইসলাম (২০) ও মহিদুল মৃধা (১৯) নিহত হয়েছেন। সিরাজুল পৌরসভার ভিটাসাইর গ্রামের আওয়াল মোল্লার ছেলে ও মহিদুল একই গ্রামের শহিদুল মৃধার ছেলে। গোপালগঞ্জ: বুধবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুরে ঢাকা যাওয়ার পথে পান্না ডিলাক্সের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে প্রায় ৪০ ফুট নিচে খাদে পড়ে যায়। এতে পারচন্দ্রদিঘলিয়া গ্রামের রহিচ মিয়ার স্ত্রী রত্না বেগম (৩০), তাঁর ছেলে তামিম (৩) প্রাণ হারায়। গৌরনদী (বরিশাল): উপজেলার মাহিলাড়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে গতকাল বৃহস্পতিবার সকাল নয়টায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে সুবর্ণ পরিবহনের হেলপার আজাদ খান নিহত এবং গৌরনদী থানার দুই নারী পুলিশ কনস্টেবলসহ ২৫ জন আহত হন। আজাদ গৌরনদী পৌর সদরের উত্তর বিজয়পুর গ্রামের লালু খানের ছেলে।