কলেজছাত্রীসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরা ও মিরপুর এলাকায় পৃথক তিনটি ঘটনায় এক কলেজছাত্রীসহ তিনজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। কলেজছাত্রীর নাম রমিতা জামান (১৭)। এ ছাড়া আবদুল্লাহ (১৮) ও অন্য এক নারীর (৩৪) পরিচয় পাওয়া যায়নি। তিনটি লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে আনা হয়।
গতকাল শনিবার সকালে উত্তরার ৫ নম্বর সেক্টরের ৩ নম্বর সড়কের একটি ছয়তলা বাড়ির ছাদ থেকে রমিতা জামান লাফিয়ে আত্মহত্যা করে বলে জানায় পুলিশ। সে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের বাণিজ্য শাখার এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিল।
রমিতার বাবা কামরুজ্জামান গাজীপুরে একটি পোশাক কারখানায় চাকরি করেন। দুই বোনের মধ্যে সে বড়। মোহাম্মদপুরের নুরজাহান রোডে তারা থাকে। কোচিং করার জন্য দুই মাস আগে রমিতাকে উত্তরায় ফুফুর বাসায় পাঠানো হয়। গতকাল সকাল সাতটার দিকে কোচিংয়ে যাওয়ার জন্য চারতলার ফ্ল্যাট থেকে ছাদে চলে যায় রমিতা। এরপর সেখান থেকে লাফ দেয় সে। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে লুবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উত্তরা পশ্চিম থানায় একটি অপমৃত্যুর মামলা করেন মেয়েটির বাবা।
উত্তরা পশ্চিম থানার এসআই সবুজ রহমান বলেন, মেয়েটির পরিবারের লোকজন তাকে কড়া শাসনে রাখতেন বলে জানা গেছে। এ কারণে সে মানসিকভাবে অসুস্থ ছিল। ছয়তলা বাড়ির ছাদে রমিতার ব্যাগ ও জুতা পড়ে ছিল। সেখান থেকে তার হাতের লেখা একটি চিরকুট উদ্ধার করা হয়। চিরকুটে মেয়েটি তার মৃত্যুর জন্য কাউকে দায়ী করেনি। এদিকে গতকাল ভোরে মিরপুরের দারুসসালামের দীপনগর বেড়িবাঁধ এলাকায় ট্রাকের ধাক্কায় আবদুল্লাহ নামে এক যুবক মারা গেছেন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বলেন, আবদুল্লাহ গাবতলী ট্রাক টার্মিনালে ট্রাকচালকের সহকারী হিসেবে কাজ করতেন। তাঁর গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট উপজেলায়।
একই সময় ঢাকা-ময়মনসিংহ সড়কে মুনমুন কাবাব ঘরের সামনে অজ্ঞাত এক নারীর লাশ পড়ে থাকে।