কলেজছাত্রীসহ দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
রাজবাড়ী সদর উপজেলায় গত মঙ্গলবার ট্রাকের ধাক্কায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন। ফরিদপুরের নগরকান্দা ও ভাঙ্গায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় আরও দুজন নিহত হয়েছে।রাজবাড়ী সদর উপজেলার বাজিতপুরে মঙ্গলবার একটি মোটরসাইকেলের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে মোটরসাইকেলের আরোহী নার্গিস আক্তার (২০) নামের এক কলেজছাত্রী নিহত হন ও তাঁর স্বামী সুমন খাঁ আহত হন। নার্গিস গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রি কলেজের স্নাতক শেষ বর্ষের ছাত্রী ছিলেন। তিনি ফরিদপুরের খলিলপুর বাজার থেকে সুমন খাঁর সঙ্গে মোটরসাইকেলে চড়ে বাবার বাড়ি সদর উপজেলার মহারাজপুরে যাচ্ছিলেন।ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার বাসাগাড়ী এলাকায় গতকাল একটি যাত্রীবাহী বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা একজন (৪০) নিহত ও তিনজন আহত হয়েছে। ভাঙ্গা উপজেলার চুমুরদী বাসস্ট্যান্ডের কাছে বুধবার একটি যাত্রীবাহী বাস একটি বাইসাইকেলকে চাপা দেয়। এতে বাইসাইকেলের আরোহী চুমুরদী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ও পূর্ব সদরদী গ্রামের বাচ্চু শেখের ছেলে সাইদুল শেখ (১৪) আহত হয়। উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেওয়ার পথে বেলা সোয়া তিনটার দিকে সে মারা যায়।