রাজধানীতে পৃথক ঘটনায় কলেজছাত্রীসহ দুজনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তারা হলো কলেজছাত্রী আরজু আক্তার (১৭) ও শিশু রিতা আক্তার (১২)।
পুলিশ জানায়, তেজগাঁও মহিলা কলেজের প্রথম বর্ষের ছাত্রী আরজু তার মা-বাবার সঙ্গে তেজগাঁও শিল্পাঞ্চলের ২২/৬/৭/এ কুনিপাড়ায় থাকত। গতকাল বৃহস্পতিবার দুপুরে পুলিশ ওই বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় আরজুর ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার এসআই মারগুব তৌহিদ বলেন, আরজু কাউকে না জানিয়ে এক যুবককে বিয়ে করে। কয়েক দিন আগে তার সঙ্গে আরজুর কথা-কাটাকাটি হয়। এর জের ধরে আরজু গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করতে পারে।
গতকাল সকালে পূর্ব বাড্ডার পাঁচতলা বাজার এলাকায় রিতা আক্তার নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। তার বাবার নাম সুরুজ আলী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সুরজ আলী জানান, রিতা বাথরুমে পড়ে গেলে তার গলায় ওড়না পেঁচিয়ে যায়। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। তবে পুলিশ জানায়, দীপ্তি নামে এক নারীর বাসায় রিতা গৃহকর্মী হিসেবে কাজ করত। সেখানেই শিশুটি রহস্যজনভাবে মারা গেছে।
গৃহকর্মী নির্যাতনের শিকার: গতকাল রাজধানীর হাজারীবাগে আরজু আক্তার (১৮) নামে এক গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গৃহকর্ত্রী সোমা আক্তারকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, আরজু হাজারীবাগের মনেশ্বর রোডে সোমা আক্তারের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতেন। প্রতিবেশীদের কাছে খবর পেয়ে পুলিশ ওই বাসা থেকে আরজুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। হাজারীবাগ থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান, এক বছর ধরে আরজু সোমার বাসায় কাজ করতেন। তাঁর শরীরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে।