কলেজছাত্রীসহ দুজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গীর আরিচপুর সুরতরঙ্গ থেকে এক কলেজছাত্রী ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার পৌর শহরের দেবগ্রামের কালিআনা খালের রেলসেতু এলাকা থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাতে ও গতকাল শনিবার দুপুরে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
গাজীপুর থানা-পুলিশ সূত্র জানায়, কলেজছাত্রী মুশফিকা রহমান (১৯) তাঁর বাবা-মায়ের সঙ্গে টঙ্গীর আরিচপুর সুরতরঙ্গ রোড এলাকায় থাকতেন। মুশফিকার স্বামী হাসিবুর রহমান সাইফও (২৫) সপরিবারে টঙ্গীর দত্তপাড়া এলাকায় থাকেন। তবে মুশফিকা তাঁর বাবার বাড়িতে থেকে টঙ্গী পাইলট গার্লস কলেজে লেখাপড়া করতেন।
এ কারণে তাঁর স্বামীর সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। শুক্রবার মুশফিকাকে বাসায় একা রেখে তাঁর বাবা-মা বাইরে যান। তাঁরা রাতে বাসায় ফিরে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না। পরে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় মুশফিকার লাশ উদ্ধার করে। এ ব্যাপারে টঙ্গী থানায় অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমত আরা বলেন, দেবগ্রামের লোকজন গতকাল ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথের নয়াদিল রেলসেতুর নিচে পানিতে এক ব্যক্তির লাশ ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।