কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
ফরিদপুরে ফারুক খান নামে এক তরুণের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গত রোববার রাতে শহরের গোয়ালচামট এলাকায় ফরিদপুর কলেজের পাশের একটি গাছের সঙ্গে গলায় রশি বাঁধা অবস্থায় লাশটি পুলিশ উদ্ধার করে। ফারুক খান (২২) ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের সমাজকর্ম বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র।তিনি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের শাহজাহান খানের ছেলে। ফারুক রাজেন্দ্র কলেজের পাশে কমলাপুর এলাকায় একটি মেসে ভাড়া থাকতেন।ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, রোববার রাত ১০টার দিকে ফরিদপুর কলেজের নৈশপ্রহরী মৃতদেহটি গাছে ঝুলতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।ফারুকের ছোট ভাই রেজা খান বলেন, ‘রোববার সন্ধ্যার পর ফারুক আমাকে ফোন করেন। তিনি বলেন, “ভালোমতো পড়াশোনা করিস। আমাকে নিয়ে চিন্তা করিস না।”’ এ কথা বলে রেজা খান কান্নায় ভেঙে পড়েন। এরপর থেকে ফারুকের মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।