কলেজছাত্রের ট্রেনে কাটা লাশ উদ্ধার
রাজধানীর তেজগাঁও থেকে তারিকুল ইসলাম (১৯) নামের এক কলেজছাত্রের ট্রেনে কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্র ছিলেন। পরিবারের অভিযোগ, তারিকুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। কমলাপুর রেলওয়ে থানার পুলিশ বলেন, খবর পেয়ে গত সোমবার রাত ১২টার দিকে তেজগাঁও রেলস্টেশন থেকে প্রায় ২০০ গজ উত্তরে রেললাইনের কাছ থেকে তারিকুলের লাশ প্রথমে অজ্ঞাতনামা হিসেবে উদ্ধার করা হয়। পরে তাঁর মুঠোফোনে সংরক্ষিত কয়েকটি নম্বরে ফোন করে তাঁর স্বজনদের খবর দেওয়ার পর তাঁর পরিচয় সম্পর্কে নিশ্চিত হয় পুলিশ। তিনি পরিবারের সঙ্গে ইস্কাটন গার্ডেনে থাকতেন। তারিকুলের বাবা সাজেদুল হক সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তাঁর ছেলেকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সোমবার রাত ১০টার দিকে তারিকুল বাসা থেকে বের হয়। পরে বাসার নিচ থেকে কয়েক বন্ধুর সঙ্গে মোটরসাইকেলে সে তেজগাঁওয়ের দিকে যায়। রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ফোন করে তারিকুলের মৃত্যুর খবর দেয়।