কলেজছাত্রের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ
কিশোরগঞ্জের নিকলীতে এক কলেজছাত্রের বিরুদ্ধে এক স্কুলছাত্রকে গলা কেটে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। আগের কথা-কাটাকাটির জের ধরে রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার নিকলী গোরাচাঁদ পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ও সদর ইউনিয়নের বানিয়াহটি গ্রামের মাসুম আলীর ছেলে ফয়সালের (১৩) সঙ্গে ভবানীপুর গ্রামের হারিছ মিয়ার ছেলে সুলতান মিয়ার (২১) তুচ্ছ বিষয় নিয়ে শনিবার সন্ধ্যায় কথা-কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে রোববার সন্ধ্যার দিকে ফয়সালকে বার্ষিক পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র দেওয়ার লোভ দেখিয়ে বাড়ি থেকে ডেকে নদীর ওপারে শ্মশানঘাটের পাশে একটি নির্জন স্থানে নিয়ে যান সুলতান মিয়া। সেখানে আগে থেকে ওত পেতে থাকা সুলতানের আরও চার-পাঁচজন সহযোগী তাকে ধরে ছুরি দিয়ে গলা কাটার চেষ্টা করে। ধস্তাধস্তি ও চিৎকার করে কোনো রকমে তাদের হাত থেকে রক্তাক্ত অবস্থায় বাড়িতে আসে ফয়সাল। গুরুতর আহত ফয়সালকে প্রথমে নিকলী হাসপতাল ও পরে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।