কলেজছাত্রের মৃত্যু, বিক্ষোভ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় একদল কলেজছাত্র ও গ্রামবাসীর মারধরে আহত শিক্ষার্থী মো. দুলাল মিয়ার (২৪) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। নিহত দুলাল উপজেলার পাকশিমুল গ্রামের জাহের আলীর ছেলে এবং অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজের স্নাতক শ্রেণীর তৃতীয় বর্ষের ছাত্র। গতকাল রাতে মো. দুলালের লাশ গ্রামের বাড়িতে পৌঁছায়। এ সময় শত শত লোক লাশ নিয়ে বিক্ষোভ এবং কলেজের অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন। পরে স্থানীয় সাংসদ জিয়াউল হক মৃধা ঘটনাস্থলে গিয়ে তাঁদের শান্ত করেন। এলাকাবাসী ও পুলিশ সূত্রের বর্ণনা অনুযায়ী, গত সোমবার ছিল অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজের এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান। এ অনুষ্ঠানের জন্য ২০ মার্চ থেকে একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা চাঁদা তোলা শুরু করেন। গত শনিবার সকালে কলেজ ক্যাম্পাসে চাঁদার টাকার হিসাব নিয়ে একাদশ শ্রেণীর ছাত্র কামরুল ইসলাম ও এনামুল হকের মধ্যে তর্ক হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। কামরুল উপজেলার অরুয়াইল গ্রামের এবং এনামুল পাকশিমুল গ্রামের বাসিন্দা।বেলা ১১টার দিকে অরুয়াইল গ্রামের ছাত্ররা পাকশিমুলের ছাত্রদের ওপর হামলা চালান। অরুয়াইলের সাধারণ লোকজনও লাঠিসোঁটা নিয়ে পাকশিমুলের ছাত্রদের ওপর হামলা চালান। এ সময় কলেজছাত্র মো. দুলাল মিয়া, রোমান মিয়া (২০) ও দুলাল মিয়া (১৭) গুরুতর আহত হন। এর জের ধরে কিছুক্ষণ পর উভয় গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অর্ধশতাধিক লোক আহত হন। গুরুতর আহত মো. দুলাল ও দুলালকে ওই দিনই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠনো হয়। সেখানে গতকাল ভোরে মো. দুলাল মারা যান। এদিকে গতকাল রাত আটটার দিকে মো. দুলালের লাশ ঢাকা থেকে উপজেলার পাকশিমুল গ্রামের নিজ বাড়িতে আনা হয়। এ সময় লাশ নিয়ে শত শত লোক বিক্ষোভ করে অধ্যক্ষের পদত্যাগ দাবি করেন। পরে সাংসদ জিয়াউল ঘটনাস্থলে গিয়ে প্রকৃত দোষী ব্যক্তিদের শাস্তির আশ্বাস দিলে রাত নয়টার দিকে বিক্ষোভকারীরা শান্ত হন।