কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কাওয়াভাষা গ্রামে মাসুদ রানা (২১) নামে এক কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে ভোর চারটার মধ্যে কোনো এক সময়ে তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় মাসুদের বাবা একই উপজেলার চৌডালা ইউনিয়নের বসনিটোলা গ্রামের লাল মোহাম্মদ বাদী হয়ে মামলা করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা গোমস্তাপুর থানার পরিদর্শক (তদন্ত) এসএম জাকারিয়া নিহত কলেজছাত্র মাসুদের স্বজনের বরাত দিয়ে জানান, কাওয়াভাষা গ্রামের আমিনুল ইসলামের মেয়ে দশম শ্রেণির ছাত্রী জয়তুন খাতুনের সঙ্গে শিবগঞ্জের আদিনা ফজলুল হক সরকারি কলেজের সম্মান শ্রেণির ছাত্র মাসুদ রানার প্রেমের সম্পর্ক ছিল। বৃহস্পতিবার রাত ১১টার দিকে মুঠোফোনে মাসুদ রানাকে তাদের বাড়িতে ডেকে নিয়ে যায় জয়তুন খাতুন। পরে ভোর চারটার দিকে মুঠোফোনে জয়তুন খাতুন মাসুদ রানার চাচাতো ভাই হালিম আলীকে বলে, ‘মাসুদ রানা অসুস্থ হয়ে পড়েছে। এখানে এসে তাঁকে বাড়ি নিয়ে যান।’ তখন হালিম আলী রিকশাভ্যান যোগে আমিনুল ইসলামের বাড়ির জয়তুন খাতুনের ঘর থেকে অচেতন অবস্থায় মাসুদ রানাকে বাড়িতে নিয়ে দেখেন যে তিনি মৃত।
পরিদর্শক এসএম জাকারিয়া বলেন, মাসুদ রানাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে নিহতের বাবা লাল মোহাম্মদ বাদী হয়ে আমিনুল ইসলাম ও তাঁর মেয়ে জয়তুন খাতুনসহ ১৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। আসামিরা সবাই বাড়ি ছেড়ে পালিয়েছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন কামাল জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জয়তুনের চাচি হিরা খাতুনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।