কলেজছাত্রের রহস্যজনক মৃত্যু
রাজধানীর জিগাতলায় ঢাকা কলেজের এক ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার রাতে পুলিশ তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে।নিহত মোতাহার হোসেন (২১) ঢাকা কলেজের স্নাতক শ্রেণীর (গণিত বিভাগের) দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। তাঁর হাত ও পা ঢিলে করে বাঁধা ছিল।প্রতিবেশীরা জানান, জিগাতলার নিঝুম আবাসিক এলাকার একটি ভবনের পাঁচতলার একটি ফ্ল্যাটে মোতাহারসহ ১০ জন ছাত্র থাকতেন। গতকাল সন্ধ্যার দিকে অন্য ছাত্ররা এসে দেখেন, মোতাহারের কক্ষের দরজা বন্ধ। এরপর তাঁরা অনেক ধাক্কাধাক্কি করে কোনো সাড়া না পেয়ে পাশের ভবনে গিয়ে জানালা দিয়ে মোতাহারের ঝুলন্ত লাশ দেখতে পান। এরপর ভবনের তত্ত্বাবধায়ক মো. ফিরোজ হাজারীবাগ থানায় খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে।প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের দুই হাত গামছা দিয়ে আর দুই পা কোমরের বেল্ট দিয়ে ঢিলে করে বাঁধা ছিল।নিহতের চাচাতো ভাই মো. রিয়াজের অভিযোগ, কেউ তাঁকে হত্যা করেছে। আর নিহতের বড় মামা সালামতউল্লাহ বলেন, তাঁকে যে অবস্থায় উদ্ধার করা হয়েছে তাতে আত্মহত্যা বলেই মনে হচ্ছে।তবে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘এটা আত্মহত্যা, না হত্যাকাণ্ড—সেটা স্পষ্ট নয়। ময়নাতদন্ত না করে এ বিষয়ে মন্তব্য করতে চাই না।’নিহতের বাবা মুসলিমউদ্দীন মস্তিষ্কের ক্যানসারে আক্রান্ত হয়ে গত কয়েক মাস ধরেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁদের গ্রামের বাড়ি চাঁদপুরের মতলব উত্তরের লুধুয়া গ্রামে।