কলেজশিক্ষক নিবন্ধনের প্রশ্নপত্রও ফাঁস
রাজশাহীতে এবার কলেজ/ সমপর্যায়ের শিক্ষক নিবন্ধন পরীক্ষার নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র ফাঁস হলো। পরীক্ষার আগের দিন প্রশ্নপত্রের দুটি সেট শিক্ষার্থীদের হাতে চলে আসে। গতকাল শনিবার অনুষ্ঠিত পরীক্ষার মূল প্রশ্নের সঙ্গে ওই দুটি সেটই মিলে গেছে। এর আগে গত শুক্রবার অনুষ্ঠিত স্কুল বা সমপর্যায়ের শিক্ষক নিবন্ধন পরীক্ষার নৈর্ব্যক্তিক অংশের প্রশ্নপত্র ফাঁস হয়৷
পরীক্ষার্থীরা জানান, ধরা পড়ার আশঙ্কায় এবার দোকানগুলোতে তেমন প্রশ্নপত্র কপি করা হয়নি। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রাবাস ও মেসে প্রশ্নগুলো কম্পিউটারে লেখা হয়। পরে তা ই-মেইলের মাধ্যমে পরীক্ষার্থীদের কাছে পাঠানো হয়। উপজেলা পর্যায়ের শিক্ষার্থীরাও প্রশ্ন পেয়েছেন।
বাগমারার একজন পরীক্ষার্থী বলেন, তাঁর এলাকার অনেক পরীক্ষার্থী ই-মেইলে প্রশ্ন পেয়ে তা সমাধানের জন্য শুক্রবার রাতেই শহরে চলে আসেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থী জানান, তিনি এক হাজার টাকায় একটি সেট নিয়েছেন। তাঁর সঙ্গে কথা হয়েছে, প্রশ্ন মিললেই শুধু টাকা দেওয়া হবে। তিনি তাঁর এক বন্ধুর মাধ্যমে এ প্রশ্ন হাতে পেয়েছেন। তবে কার কাছ থেকে এগুলো এসেছে তা কেউ বলতে পারছেন না।
গতকাল সকাল নয়টা থেকে বেলা একটা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রথম এক ঘণ্টায় নৈর্ব্যক্তিক, পরের তিন ঘণ্টায় ১০০ নম্বরের রচনামূলক পরীক্ষা অনুষ্ঠিত হয়। নৈর্ব্যক্তিক অংশে ১০০ নম্বরের বাংলা, ইংরেজি, অঙ্ক ও সাধারণ জ্ঞানের ওপর পরীক্ষা নেওয়া হয়৷ প্রতিটি বিভাগে ২৫টি প্রশ্ন ছিল।
শিক্ষার্থীরা জানান, নৈর্ব্যক্তিক অংশে যাঁরা পাস করেন, শুধু তাঁদেরই রচনামূলক খাতা দেখা হয়। রচনামূলক অংশে সাধারণত কেউ অকৃতকার্য হন না। এ জন্য এই প্রশ্ন ফাঁসও হয় না।
শুক্রবার বিকেলেই ফাঁস হওয়া প্রশ্নের একটি সেট প্রথম আলোর কাছে পেঁৗছে। গতকাল পরীক্ষা শুরুর পর বিষয়টি রাজশাহী জেলা প্রশাসককে জানানো হয়। পরীক্ষার পর জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন চৌধুরী বলেন, তাঁরাও একটি এজেন্সির মাধ্যমে একটি প্রশ্ন জোগাড় করেছেন। বিক্ষিপ্তভাবে প্রশ্নপত্রটি পরীক্ষার মূল প্রশ্নপত্রের সঙ্গে মিলে গেছে। প্রশ্নপত্রের ওই কপিসহ তাঁরা সচিব বরাবর একটি প্রতিবেদন পাঠিয়েছেন।
পরীক্ষার পর দেখা যায়, বাংলায় ২৫টি প্রশ্নের সবই ফাঁস হওয়া প্রশ্নের সঙ্গে মিলে গেছে। তবে ফাঁস হওয়া প্রশ্নপত্রে অতিরিক্ত ২২টি প্রশ্ন দেওয়া হয়েছে। অঙ্কের অংশের ২৫টি প্রশ্নের ২৩টি ফঁাস হওয়া অংশের সঙ্গে মিলে গেছে। এখানে বাড়তি প্রশ্ন দেওয়া হয়েছে ২২টি। সাধারণ জ্ঞান অংশের সবগুলো প্রশ্নই মিলে গেছে। এখানে বাড়তি প্রশ্ন দেওয়া হয়েছে ২৪টি। আর ইংরেজি অংশের ২০টি প্রশ্ন ফাঁস হয়েছে৷ মিলে গেছে এর সবগুলোই। এখানে নতুন ক্রমিকে অতিরিক্ত প্রশ্নের সংখ্যা ২৩টি।
পরীক্ষার কক্ষ পরিদর্শকের দায়িত্বে ছিলেন এ রকম একজন শিক্ষক জানান, প্রশ্নপত্র হাতে পাওয়ার পর পরীক্ষার্থীদের মধ্য থেকে ‘মিলে গেছে, মিলে গেছে’ বলে গুঞ্জন ওঠে। কয়েকজন পরীক্ষার্থীর মুঠোফোনের খুদে বার্তায় প্রশ্নের উত্তর পাওয়া যায়। রাজশাহী কলেজ কেন্দ্রের একজন পরিদর্শক বলেন, একজন পরীক্ষার্থী তাঁর প্রবেশপত্রের উল্টা পিঠে অঙ্কের সব উত্তর লিখে নিয়ে এসেছিলেন।