কলেজশিক্ষক, স্কুলের শিক্ষার্থীসহ নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় একজন কলেজশিক্ষক নিহত এবং আরেকজন শিক্ষক আহত হয়েছেন। এ ছাড়া মুন্সিগঞ্জে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হন অন্তত ১৫ জন। সিরাজগঞ্জে স্কুলছাত্রীসহ প্রাণ হারিয়েছে আরও দুজন।

গত মঙ্গলবার বিকেল থেকে গতকাল বুধবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় এসব দুর্ঘটনা ঘটেছে। এ নিয়ে গত ১৪৯ দিনে দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে অন্তত ১ হাজার ৩৪২ জনের।

প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:

বাগেরহাটের মোরেলগঞ্জে মঙ্গলবার বিকেলে মোরেলগঞ্জ-শরণখোলা আঞ্চলিক মহাসড়কের কেয়ারের বাজারের কাছে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন মোরেলগঞ্জের এ আর খান ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শংকর আচার্য মজুমদার (৫১)। তাঁর বাড়ি উপজেলার ঢুলিগাতী গ্রামে। একই কলেজের প্রভাষক অসীম কুমার মল্লিকের সঙ্গে মোটরসাইকেলে কলেজ শেষে বাড়ি ফিরছিলেন শংকর আচার্য। পথে একটি গরুকে পাশ কাটাতে গিয়ে রাস্তার পাশে গাছে ধাক্কা লাগে মোটরসাইকেলটির। এতে শংকর আচার্য অচেতন হয়ে সড়কের পাশে ডোবায় পড়ে যান। তাঁকে উদ্ধার করে খুলনার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে গতকাল সকালে তাঁর মৃত্যু হয়।

মুন্সিগঞ্জের শ্রীনগরের কেওয়াটচিরা এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে মঙ্গলবার রাতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে দুই ব্যক্তি নিহত এবং অন্তত ১৫ জন আহত হন। নিহত ব্যক্তিরা হলেন লৌহজংয়ের হলদিয়া গ্রামের তাসলিমা বেগম (৫৫) এবং কুড়িগ্রাম জেলার যাত্রাপুর গ্রামের মো. শফিকুল ইসলাম (২৮)।

সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ীতে গতকাল দুপুরে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় রুকাইয়া খাতুন (১২) নামের এক স্কুলছাত্রী নিহত হয়। সে মুলিবাড়ী গ্রামের আবদুল করিম আকন্দের মেয়ে এবং সায়দাবাদ উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।

এদিকে উল্লাপাড়ার রামারচর-বোয়ালিয়া আঞ্চলিক সড়কের দিয়ারপাড়ায় মঙ্গলবার সন্ধ্যায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আবদুল মোন্নাফ (৩২) নামের এক মোটরসাইকেলচালক নিহত ও আরেক আরোহী গুরুতর আহত হয়েছেন। নিহত মোন্নাফ রায়গঞ্জ উপজেলার আঁকড়া গ্রামের জহির উদ্দিনের ছেলে।