কলেজশিক্ষক হত্যাচেষ্টার 'মূল পরিকল্পনাকারী' গ্রেপ্তার
মাদারীপুরের কলেজশিক্ষক রিপন চক্রবর্তীকে হত্যাচেষ্টার ‘মূল পরিকল্পনাকারীকে’ গ্রেপ্তারের দাবি করেছে পুলিশ। পুলিশ বলছে, তাঁর নাম খালেদ সাইফুল্লাহ।
ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) পঙ্কজ চন্দ্র দে সরকারের ভাষ্য, গতকাল বৃহস্পতিবার রাত ১১টার দিকে ডেমরার মাতুয়াইল ইউপি বাদশা মিয়া রোড এলাকা থেকে খালেদ সাইফুল্লাহকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় রাতে পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছে। আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের মিডিয়া সেন্টারে এ নিয়ে একটি সংবাদ সম্মেলন করার কথা।
১৫ জুন বিকেল পাঁচটার দিকে মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। কলেজ ক্যাম্পাসের পাশে শিক্ষকের বাসায় ঢুকে এ হামলা চালানো হয়। এ সময় জনতা ধাওয়া করে হামলাকারীদের একজন গোলাম ফাইজুল্লাহ ফাহিমকে ধরে ফেলে। ১৮ জুন রিমান্ডে থাকা অবস্থায় ফাইজুল্লাহ ফাহিম পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন। এ ঘটনা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। মানবাধিকারকর্মী, জঙ্গি-বিষয়ক বিশ্লেষক, পুলিশের সাবেক মহাপরিদর্শকেরা জঙ্গি দমনে পুলিশের সদিচ্ছা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।