কলেজশিক্ষককে জিম্মি করে টাকা আদায়ের ঘটনায় র্যাবের হাতে আটক চার শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিতসহ তাঁদের সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ব্যাপারে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আইনশৃঙ্খলা-সংক্রান্ত বোর্ডের সভায় গতকাল বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল চারটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে ডিসিপ্লিনারি বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলে গাইবান্ধার সুন্দরগঞ্জের আলহাজ্ব সেলিমা রহমান কারিগরি মহাবিদ্যালয়ের প্রভাষক আহসান হাবিবকে জিমিঞ্চ করে টাকা আদায়ের ঘটনায় র্যাবের হাতে আটক চার শিক্ষার্থীর বিষয়টি নিয়ে আলোচনা হয়। আলোচনায় ওই শিক্ষার্থীদের ছাত্রত্ব স্থগিতসহ তাঁদের সাময়িকভাবে বহিষ্কারের সিদ্ধান্ত হয়। ঘটনা তদন্তের জন্য নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আমিনুল ইসলামকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। ডিসিপ্লিনারি বোর্ডের সদস্যসচিব প্রক্টর অধ্যাপক মো. সোহেল আহমেদ প্রথম আলোকে বলেন, চারজনের ছাত্রত্ব স্থগিতসহ তাঁদের সাময়িক বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া, শিক্ষককে আবাসিক হলে জিমিঞ্চ করে মারধরের বিষয়টি তদন্তের মাধ্যমে চূড়ান্ত পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১১ জানুয়ারি প্রভাষক আহসান হাবিবকে তাঁর পূর্বপরিচিত জাবির হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থী শফিক আলম, আনিসুজ্জামান সিদ্দিকী ও শাহেদ শাহ পাওনা টাকা আদায়ের লক্ষ্যে প্রথমে আল বেরুনী হলে ও পরে আ ফ ম কামালউদ্দিন হলের ২১৩ নম্বর কক্ষে আটক করে তাঁকে মারধর করেন। পরে তাঁরা সাভারে করতোয়া কুরিয়ার সার্ভিসে পাওনা টাকা তুলতে গেলে র্যাব তাঁদের আটক করে সাভার থানায় সোপর্দ করে।