কলেজশিক্ষককে জিম্মি করে টাকা তুলতে গিয়ে ৫ শিক্ষার্থী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজশিক্ষককে জিম্মি করে পাওনা টাকা আদায় করতে গিয়ে র‌্যাবের হাতে আটক হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থী। গাইবান্ধা জেলার আলহাজ্ব সেলিমা রহমান কলেজের প্রভাষককে আটক রেখে দাবি করা মুক্তিপণের টাকা তুলতে গিয়ে গতকাল সোমবার তাঁরা র‌্যাবের হাতে আটক হন। র‌্যাব-৪-এর নবীনগর ক্যাম্পের ক্যাপ্টেন তাহসিন সালেহীন রানা জানান, ১১ জানুয়ারি আলহাজ্ব সেলিমা রহমান কলেজের প্রভাষক মো. আহসান হাবীব ঢাকায় আসেন সরকারি কাজে। আহসান হাবীবের পূর্বপরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক নৃবিজ্ঞান বিভাগের ৩৮তম ব্যাচের ছাত্র জাবের হোসেন কাজের কথা বলে ওই দিন বিকেলে কৌশলে ক্যাম্পাসে তাঁকে ডেকে আনেন। পরে জাবের আল বেরুনী হলের একটি কক্ষে আহসান হাবীবকে আটকে রেখে তাঁর পরিবারের সদস্যদের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন এবং করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে টাকা পাঠানোর নির্দেশ দেন। আহসান হাবীবের পরিবারের সদস্যরা গত রোববার সন্ধ্যায় র‌্যাব-৪-এ বিষয়টি জানিয়ে এ ব্যাপারে সহযোগিতা চান। গতকাল সোমবার সকালে ক্যাপ্টেন তাহসিনের নেতৃত্বে র‌্যাব-৪-এর একটি দল সকাল থেকেই অবস্থান নেয় ওই কুরিয়ার সার্ভিসের কার্যালয়ের আশপাশে। বিকেল সাড়ে পাঁচটার দিকে জাবের, ইতিহাস বিভাগের ৩৮তম ব্যাচের ছাত্র শফিক আলম ও আনিসুর সিদ্দিকী, দর্শন বিভাগের ৩৮তম ব্যাচের শাহেদ শাহ এবং ঢাকা কলেজের ইসলামিক স্টাডিজের ছাত্র রুবেল ইসলাম টাকা তুলতে এলে ঘটনাস্থল থেকে তাঁদের আটক করেন র‌্যাব সদস্যরা। রাত ১১টার দিকে আটককৃতদের সাভার থানায় সোপর্দ করা হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত সাভার থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।ক্যাপ্টেন তাহসিন সালেহীন রানা প্রথম আলোকে বলেন, আটকের পর জিজ্ঞাসাবাদে শিক্ষার্থী শফিক আলম জানিয়েছেন আহসান হাবীবের কাছে তিনি টাকা পেতেন। সেই টাকা আদায়ের জন্যই তাঁকে ক্যাম্পাসে আটকে রাখা হয় বলে জাবের র‌্যাবের কাছে স্বীকার করেছেন। সাভার থানার উপপরিদর্শক সাজ্জাদ রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের আল বেরুনী হল সাভার থানা এলাকার বাইরে হওয়ায় মামলা নিয়ে জটিলতা রয়েছে।