কলেজশিক্ষককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর উপজেলায় রাজীবপুর আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক জাহিদুর রহমানের লাশ গতকাল রোববার টাঙ্গাইলের বাসাইল উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। অপহরণের পর দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।
জাহিদুরের বাড়ি মানিকগঞ্জ পৌর এলাকার বান্দুটিয়া গ্রামে। বাবা মহর আলী। শিক্ষকতার পাশাপাশি পোলট্রির ব্যবসা করতেন তিনি।
পুলিশ এবং ওই শিক্ষকের পরিবারের সদস্যরা জানান, গত শনিবার বেলা তিনটার দিকে মুরগির বাচ্চা কিনতে তাঁর নিজস্ব পিকআপ ভ্যান নিয়ে টাঙ্গাইলে যাচ্ছিলেন। এ সময় তাঁর কাছে দেড় লাখ টাকা ছিল। রাত ১০টার দিকে চালক ফরহাদ হোসেন ফোনে জাহিদুরের স্বজনদের জানান, জাহিদুরকে অপহরণ করা হয়েছে। শনিবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল সড়কের কালিহাতী উপজেলা সদরের কাছে একটি মাইক্রোবাস তাঁদের পিকআপ ভ্যানের গতিরোধ করে। এরপর অস্ত্রধারী চার দুর্বৃত্ত জাহিদুরকে মাইক্রোবাসে তুলে নিয়ে চলে যায়।
জাহিদুরের বড় ভাই শহিদুর রহমান বলেন, জাহিদুরের কাছে থাকা দেড় লাখ টাকা ছিনিয়ে নিয়ে তাঁকে হত্যা করা হয়েছে।
বাসাইল থানার ওসি মো. সালাউদ্দিন মিয়া বলেন, জিজ্ঞাসাবাদের জন্য চালক ফরহাদকে আটক করা হয়েছে।