কলেজশিক্ষকদের কর্মবিরতি চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অষ্টম বেতন স্কেলে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল বহাল রাখার দাবিতে দেশের সবগুলো সরকারি কলেজ ও সংশ্লিষ্ট শিক্ষা দপ্তরে টানা দুই দিনের কর্মবিরতি শুরু করেছেন বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা, মূলত শিক্ষকেরা। আজ শনিবার কর্মবিরতির প্রথম দিনে কলেজগুলোতে কোনো ক্লাস হচ্ছে না।

শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব আই কে সেলিম উল্লাহ খন্দকার প্রথম আলোকে বলেন, তাঁর কাছে সারা দেশ থেকে খবর এসেছে সবগুলো কলেজেই শিক্ষকেরা কর্মবিরতি পালন করছেন।

সেলিম উল্লাহ বলেন, যেহেতু প্রধানমন্ত্রী শিক্ষকদের বেতন বৈষম্যের বিষয়টি পর্যালোচনার জন্য মন্ত্রিসভা ক​মিটি পুনর্গঠন করেছেন সে জন্য তাঁরা আশা করছেন তাঁদের দাবি পূরণ হবে। তবে যদি দাবি পূরণ না হয়, তাহলে লাগাতার কর্ম​বিরতির মতো কর্মসূচি দেওয়া হতে পারে। তিনি বলেন, ঈদের পর ১৮ অক্টোবর শিক্ষা ভবনে তাঁদের অবস্থান কর্মসূচি আছে। এ সময়ের মধ্যে দাবির বিষয়ে সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ না করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।