কলেজশিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ শিক্ষাসচিবের
কিছু দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে সরকারি কলেজশিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন শিক্ষাসচিব সোহরাব হোসাইন। এ প্রেক্ষাপটে আন্দোলনরত শিক্ষকদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতি আজ বুধবার বিকেলে জরুরি বৈঠক ডেকেছে।
সমিতির একটি সূত্র জানিয়েছে, এ বৈঠক থেকে কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত আসতে পারে।
আজ দুপুরে সমিতির আহ্বায়ক নাসরীন বেগম ও সদস্য সচিব আই কে সেলিম উল্লাহ খোন্দকার সচিবালয়ে শিক্ষাসচিবের সঙ্গে বৈঠক করেন। সেখানে সচিব কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ জানান।
জানতে চাইলে আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, শিক্ষাসচিব তাঁদের সুনির্দিষ্ট দুই-একটি দাবি পূরণের আশ্বাস দিয়েছেন। এখন তাঁরা সমিতির সভায় আন্দোলনের ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
এর আগে গতকাল প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ সমিতির দুজন নেতার সঙ্গে টেলিফোনে কথা বলেন।
এদিকে, টানা তিন দিনের কর্মবিরতির দ্বিতীয় দিনে আজ দেশের অধিকাংশ সরকারি কলেজে ক্লাস হয়নি। কলেজগুলোতে অচলাবস্থা চলছে।