কলেজশিক্ষকদের কর্মবিরতি স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও শিক্ষাসচিব সোহরাব হোসাইনের আশ্বাস ও অনুরোধে কর্মবিরতিসহ আন্দোলন কর্মসূচি ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন সরকারি কলেজের শিক্ষকেরা। গতকাল বুধবার বিকেলে সরকারি কলেজশিক্ষকদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভা শেষে এই ঘোষণা দেওয়া হয়।
এর আগে দুপুরে সমিতির আহ্বায়ক নাসরীন বেগম ও সদস্যসচিব আই কে সেলিম উল্লাহ খোন্দকার সচিবালয়ে শিক্ষাসচিবের সঙ্গে বৈঠক করেন। সমিতির সূত্র বলেছে, এ সময় কিছু দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে সরকারি কলেজশিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ জানান শিক্ষাসচিব।
সমিতির সদস্যসচিব প্রথম আলোকে বলেন, শিক্ষাসচিব তাঁদের বলেছেন, সরকারি কলেজের অধ্যাপকেরা যাতে গ্রেড-৩-এ যেতে পারেন, সে বিষয়ে মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এ ছাড়া পদোন্নতির সোপান তৈরির বিষয়েও তিনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এর আগে মঙ্গলবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব তাঁকে ফোন করে কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান এবং আজ বৃহস্পতিবার ২৬ ক্যাডার কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সময় এ বিষয়েও কথা বলবেন বলে জানান। এ জন্য আন্দোলন স্থগিত করা হয়েছে। আজ থেকেই তাঁরা ক্লাসে ফিরে যাবেন।
জাতীয় বেতন স্কেলে গ্রেড ও বেতনবৈষম্য নিরসনের দাবিতে গত মঙ্গলবার তিন দিনের কর্মবিরতি শুরু করেছিলেন সরকারি কলেজের শিক্ষকেরা। গতকাল দ্বিতীয় দিনে আন্দোলন স্থগিত হলেও এদিনও সরকারি কলেজে ক্লাস হয়নি।