কলেজশিক্ষকদের কর্মবিরতি স্থগিত, কাল থেকে ক্লাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও শিক্ষাসচিব সোহরাব হোসাইনের অনুরোধে কর্মবিরতিসহ আন্দোলন কর্মসূচি ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত করেছেন সরকারি কলেজের শিক্ষকেরা। আজ বুধবার বিকেলে সরকারি কলেজশিক্ষকদের সংগঠন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়।

জানতে চাইলে সমিতির সদস্যসচিব আই কে সেলিম উল্লাহ খোন্দকার প্রথম আলোকে বলেন, শিক্ষাসচিব তাঁদের বলেছেন, সরকারি কলেজের অধ্যাপকেরা যাতে গ্রেড-৩-এ যেতে পারেন—সে বিষয়ে মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। এ ছাড়া পদোন্নতির সোপান তৈরির বিষয়েও পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন। এর আগে গতকাল প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব তাঁকে ফোন করে কর্মসূচি প্রত্যাহারের অনুরোধ জানান এবং আগামীকাল এসব বিষয়ে কথা বলবেন বলে জানান। এ জন্য আন্দোলন স্থগিত করা হয়েছে। এখন আগামীকাল থেকেই তাঁরা ক্লাসে ফিরে যাবেন।

এর আগে আজ দুপুরে সমিতির আহ্বায়ক নাসরীন বেগম ও সদস্যসচিব আই কে সেলিম উল্লাহ খোন্দকার সচিবালয়ে শিক্ষাসচিবের সঙ্গে বৈঠক করেন। এ সময় কিছু দাবি বাস্তবায়নের আশ্বাস দিয়ে সরকারি কলেজশিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহারের অনুরোধ জানান শিক্ষাসচিব।

এদিকে, টানা তিন দিনের কর্মবিরতির দ্বিতীয় দিনে আজ দেশের অধিকাংশ সরকারি কলেজে ক্লাস হয়নি। কলেজগুলোতে অচলাবস্থা চলছে।