কলেজশিক্ষকদের কর্মসূচি পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বহালসহ কয়েকটি দাবিতে আন্দোলনরত সরকারি কলেজের শিক্ষকেরা শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে বৈঠক করে আন্দোলন কর্মসূচি পিছিয়েছেন। 

আজ বুধবার বিকেলে আন্দোলনে নেতৃত্বদানকারী বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কয়েকজন নেতা শিক্ষামন্ত্রীর সঙ্গে মন্ত্রণালয়ে বৈঠক করেন। পরে সমিতির জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
পূর্ব ঘোষণা অনুযায়ী ১৩ ও ১৪ অক্টোবর পূর্ণদিবস ক্লাস বর্জন এবং ১৮ অক্টোবর শিক্ষাভবনে অবস্থান কর্মসূচি পালনের কথা ছিল। এখন ক্লাস বর্জন কর্মসূচি হবে ১৯ ও ২০ অক্টোবর। আর শিক্ষাভবনে অবস্থান কর্মসূচি হবে ১ নভেম্বর।
সমিতির মহাসচিব আই কে সেলিম উল্লাহ খোন্দকার সন্ধ্যায় প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, শিক্ষামন্ত্রী তাঁদের দাবিগুলো দেখবেন বলে জানিয়েছেন। তাঁর প্রতি সম্মান দেখিয়ে কর্মসূচি পুনর্নির্ধারণ করা হয়েছে।
এর আগে বেলা দুইটায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক মতবিনিময় সভায় শিক্ষক নেতারা বলেন, তাঁরা তাঁদের জন্য পৃথক বেতন স্কেল চান না। তাঁরা বলছেন, বর্তমান বেতন কাঠামোতেই শিক্ষকদের দাবি পূরণ করা সম্ভব। মতবিনিময় সভায় লিখিত বক্তব্যে পড়ে শোনান সমিতির সভাপতি নাসরীন বেগম।
উল্লেখ প্রাথমিক, মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা পৃথক বেতন কাঠামো করার দাবি জানিয়ে আসছেন।