কলেজশিক্ষকের বাড়িতে ভাঙচুর
গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা পিয়ার আলী বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক গোলক চন্দ্র দাসের বসতবাড়ির সীমানাপ্রাচীর রাতের আঁধারে ভাঙচুর করেছে একদল দুর্বৃত্ত। গত সোমবার দিবাগত গভীর রাতে কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় প্রভাষকের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানায়, গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খণ্ড এলাকায় গোলক চন্দ্র দাসের বাড়িতে গত সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে হঠাৎ দেয়াল ভাঙচুরের শব্দ পাওয়া যায়। ঘটনার সময় দুর্বৃত্তরা সব ঘরের দরজা বাইরে থেকে তালা লাগিয়ে দেয়। জানালা খুলে তাঁরা দেখেন, ২৫ থেকে ৩০ জনের একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাড়ির সীমানাপ্রাচীর ভাঙচুর করছে। নিষেধ করলে দুর্বৃত্তরা বাড়ির সবাইকে হুমকি দেয় এবং বিষয়টি কাউকে জানাতে নিষেধ করে। যাওয়ার সময় দুর্বৃত্তরা ওই বাড়ির রান্নাঘরের চাল কুপিয়ে তছনছ ও টিনের চালে ইটপাটকেল নিক্ষেপ করে আতঙ্ক সৃষ্টি করে।
গোলক চন্দ্র দাস জানান, তিনি নতুন রাস্তা নির্মাণের জন্য জায়গা ছাড়ার পরও হিন্দু হওয়ার কারণে স্থানীয় প্রভাবশালী মোস্তফা, কালাম ও মানিকদের লোকজন তাঁকে আরও বেশি করে রাস্তার জায়গা ছাড়ার জন্য দীর্ঘদিন ধরে চাপ সৃষ্টি করে আসছেন। এ ব্যাপারে তিনি বাদী হয়ে একটি মামলা করেছেন।
শ্রীপুর পৌরসভার স্থানীয় কাউন্সিলর আবদুস ছালাম মোল্লা জানান, যারা রাস্তার দাবি করে আসছে, মূলত সেখানে রাস্তা দেওয়ার মতো কোনো জায়গা নেই। তার পরও প্রভাষকের পরিবারের পক্ষ থেকে রাস্তার জন্য জায়গা দেওয়া হয়েছে। ওই পরিবারটি সংখ্যালঘু হওয়ায় হামলাকারীরা দীর্ঘদিন ধরে অযৌক্তিক দাবি করে আসছে।
শ্রীপুর মডেল থানার এসআই রুহুল আমীন জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে দেয়াল ভাঙচুরের সত্যতা পাওয়া গেছে। তদন্তের পর প্রকৃত ঘটনা বলা যাবে।