কলেজশিক্ষকের বিরুদ্ধে ছাত্র নির্যাতনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা সরকারি কলেজের ইংরেজি বিভাগের প্রধানের বিরুদ্ধে ছাত্র নির্যাতন ও হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই শিক্ষককে এক সপ্তাহ ক্লাস না নেওয়ার নির্দেশ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা মঙ্গলবার সাতক্ষীরা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তাঁদের বিভাগীয় প্রধান আবদুল্লাহ হাবিবের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেন। লিখিত বক্তব্যে বলা হয়, শিক্ষক আবদুল্লাহ হাবিব তাঁর কাছে প্রাইভেট পড়তে বিভাগের শিক্ষার্থীদের বাধ্য করেন। অন্যথায় টিউটোরিয়াল ও মৌখিক পরীক্ষায় নম্বর কম দেন। দুই মাস প্রাইভেট পড়ার টাকা দিতে না পারায় ২৩ ফেব্রুয়ারি বিভাগের ভেতরেই সম্মান প্রথম বর্ষের ছাত্র মো. আবু ইছাকে তিনি বেধড়ক পেটান। এ সময় আবুল হোসেন নামের আরেক ছাত্র এগিয়ে এলে তাঁকেও পেটানো হয়।অভিযোগ অস্বীকার করে শিক্ষক আবদুল্লাহ দাবি করেন, বিভাগের ভেতরে ওই দুই শিক্ষার্থী এমন ভঙ্গিতে দাঁড়িয়ে ছিলেন, যা খারাপ দেখাচ্ছিল। এ কারণে তিনি তাঁদের পিঠে চাপর মেরে সরিয়ে দেন মাত্র। অধ্যক্ষ এ এস এম আবদুল ওয়াহেদ বলেন, এ ঘটনায় শিক্ষক আবদুল্লাহ হাবিবকে সাত কর্মদিবস ক্লাস না নেওয়ার নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রাণিবিদ্যা বিভাগের প্রধান আবু বক্কর সিদ্দিককে প্রধান করে চার সদস্যের একটি কমিটি করা হয়েছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।