কলেজিয়েট স্কুলের ১৭৫ বছর পূর্তি উৎসব শুরু
ঢোলের বাদ্যের তালে তালে এগিয়ে চলছিল শোভাযাত্রা। মাথায় লাল-সবুজ পতাকা রঙের কাপড় জড়িয়ে আর সাদা টি-শার্ট পরে ছন্দে ছন্দে পা ফেলছিল নবীন-প্রবীণের দল। তাল মিলিয়ে চার শিশু সওয়ারিসহ এগিয়ে চলছিল টমটম গাড়ি। শহর মাতিয়ে দেয় এই বিশাল জনস্রোত।চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৭৫ বছর পূর্তি উৎসব উপলক্ষে গতকাল শুক্রবার বিকেলে এই বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে স্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠন চট্টগ্রাম কলেজিয়েটস। শোভাযাত্রাটি নগরের আইস ফ্যাক্টরি সড়ক থেকে যাত্রা শুরু করে বিআরটিসি হয়ে আবার স্কুল প্রাঙ্গণে ফিরে আসে।‘ভরা থাক স্মৃতি সুধায়’—এ স্লোগানে তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধনী দিনের দুপুর থেকেই বিদ্যালয়ে আসতে থাকেন প্রাক্তন শিক্ষার্থীরা। দেশ ও দেশের বাইরে থেকে অনেকেই এখানে এসেছেন পুরোনো বন্ধুদের সান্নিধ্য পেতে।স্কুলের ২০০১ সালের শিক্ষার্থী শুভাশীষ চক্রবর্তী সে টানেই ছুটে এসেছেন কানাডা থেকে। ইউনিভার্সিটি অব ক্যালেগরিতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন তিনি। শুভাশীষ বললেন, ‘আমি কিছুতেই এ ধরনের অনুষ্ঠান মিস করতে চাই না। তাই খবর পেয়েই ছুটে এসেছি। দেখা হয়েছে অনেকের সঙ্গে, এটা অনেক বড় পাওয়া আমার জন্য।’১৯৫৭ সালের শিক্ষার্থী চট্টগ্রাম বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের শিক্ষক এ ওয়াই এম মাসুদ রেজা খান বলেন, ‘খুব ভালো লাগছে আসতে পেরে।’তিন দিনের অনুষ্ঠানের প্রথম দিনে গতকাল স্কুলের বর্তমান ছাত্রদের জন্য পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজিয়েট স্কুল কার্যকরী পরিষদের সহসভাপতি ও দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। স্কুলের প্রধান শিক্ষক ইতিকণা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ১৭৫ বছর পূর্তি উৎসব উদ্যাপন কমিটির আহ্বায়ক আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, সদস্যসচিব মোশতাক হোসাইন, কার্যকরী পরিষদের সহসভাপতি সেলিম জাহাঙ্গীর ও স্কুলের সহকারী শিক্ষক মাসুমা চৌধুরী। অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মো. আজিজ উদ্দিন।অনুষ্ঠানে ১৬টি ইভেন্টে ৪৮ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া ১২ জন মেধাবী ছাত্রকে চট্টগ্রাম কলেজিয়েটস কল্যাণ ট্রাস্ট থেকে বৃত্তি দেওয়া হয়।আজকের কর্মসূচি: কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে ১৭৫ বছর পূর্তি উৎসবের দ্বিতীয় দিনের কর্মসূচি শুরু হবে সকাল ১০টায়। এতে রয়েছে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সংবর্ধনা, প্রবীণ সদস্য সংবর্ধনা, স্মৃতিচারণা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কাল রোববার সমাপনী দিনের আয়োজনে থাকবে স্মৃতিচারণা, রক্তদান, র্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান।