তদবিরের জোরে চট্টগ্রাম নগরের স্বনামধন্য সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষকের পদে বসতে চেয়েছিলেন দুর্নীতির দায়ে অভিযুক্ত শিক্ষক মোহন লাল বিশ্বাস। কিন্তু শেষ পর্যন্ত তাঁর সেই স্বপ্ন আর সফল হয়নি। গত বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর থেকে তাঁর বদলির আদেশ বাতিল করে দেওয়া হয়।
২৬ নভেম্বর এক প্রজ্ঞাপনে মোহন লাল বিশ্বাসকে চট্টগ্রাম হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয় থেকে কলেজিয়েট স্কুলে প্রধান শিক্ষক পদে বদলি করা হয়। বর্তমানে কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষকের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক মোহাম্মদ আজিজ উদ্দিন বলেন, ‘শিক্ষামন্ত্রী মহোদয় বিষয়টি জানার পরে বদলির আদেশ প্রত্যাহারের নির্দেশনা দেন।’
চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা অবস্থায় মোহন লাল বিশ্বাসকে চলতি বছরে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার উত্তরপত্র জালিয়াতির অভিযোগে কেন্দ্রসচিবের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর তাঁকে রাঙামাটি সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে বদলি করা হয়। তিনি সেই বদলি ঠেকিয়ে হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন। ২০১০ সালে ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে শিক্ষা মন্ত্রণালয় থেকে মোহন লাল বিশ্বাসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়। পরে তাঁর ইনক্রিমেন্ট বন্ধ করে দেওয়া হয়।
বদলির আদেশ প্রত্যাহার প্রসঙ্গে মোহন লাল বিশ্বাসের প্রতিক্রিয়া জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও সংযোগ পাওয়া যায়নি।
সূত্র জানায়, ২৭ ফেব্রুয়ারি বোর্ডের তদন্ত কমিটি মোহন লাল বিশ্বাসকে কেন্দ্রসচিবের দায়িত্ব থেকে অব্যাহতির সুপারিশ করে। ২৮ মার্চ বোর্ডের শৃঙ্খলা কমিটির সভায় সুপারিশটি অনুমোদন করা হয়। বোর্ড কর্তৃপক্ষ ৮ এপ্রিল মহাপরিচালকের দপ্তরে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি পাঠায়। ৪ জুন মোহন লাল উচ্চ আদালতের মাধ্যমে রিট করে তাঁর বিরুদ্ধে গৃহীত সিদ্ধান্তের স্থগিতাদেশ চেয়ে আবেদন করেন। এরপর বোর্ড কর্তৃপক্ষ আপিলের মাধ্যমে স্থগিতাদেশটি স্থগিত করে দেয় এবং ১০ সেপ্টেম্বর মোহন লালের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য মন্ত্রণালয়ে চিঠি পাঠায়।