কলেজে জামায়াত নেতার তালা
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়ীয়া কলেজে তালা ঝুলিয়ে গতকাল সোমবার সকালে শিক্ষক-কর্মচারীদের হাজিরাখাতা নিয়ে গেছেন বিলমাড়ীয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি জেনারেল রাজন আলী। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
অধ্যক্ষ সিরাজুল ইসলাম জানান, বেলা সোয়া ১১টার দিকে বিশেষ একটি প্রয়োজনে লালপুর যাওয়ার পর রাজন আলীর নেতৃত্বে ১৫-১৬ জনের একটি দল কলেজে এসে তাঁকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। পরে বাকি শিক্ষক ও কর্মচারীদের বের করে অফিসকক্ষে তালা ঝুলিয়ে শিক্ষক হাজিরাখাতা নিয়ে যান ওই নেতা। অধ্যক্ষ আরও জানান, বেশ কিছুদিন ধরেই রাজন আলী ওই কলেজে চাকরি বা নগদ টাকা দাবি করে আসছিলেন।
এ ব্যাপারে কলেজ পরিচালনা কমিটির সভাপতি তোফায়েল আহমেদ জানান, অভিযুক্ত জামায়াত নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অভিযুক্ত রাজন আলী কলেজে তালা লাগানোর কথা স্বীকার করে বলেন, অধ্যক্ষ অবৈধভাবে ইংরেজি শিক্ষক নিয়োগ দিয়েছেন। তাই ক্ষুব্ধ এলাকাবাসী কলেজে তালা লাগিয়েছেন। তবে অধ্যক্ষের কাছে কোনো কিছু দাবি করার অভিযোগ অস্বীকার করেন তিনি।
লালপুর থানার ওসি মতিয়ার রহমান বলেন, বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।