কলেজে ঢুকে ছাত্রী অপহরণের চেষ্টা
শ্রেণীকক্ষ থেকে কলেজছাত্রীকে অপহরণে বাধা দেওয়ায় সন্ত্রাসীরা গতকাল সোমবার নাটোরের রানী ভবানী সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ ও এক প্রহরীকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।নাটোর সদর থানা সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টায় সুব্রত কুমার (২২) নামের এক যুবক জোর করে কলেজে ঢুকে এক ছাত্রীকে অপহরণের চেষ্টা করেন। উপস্থিত শিক্ষার্থীরা বাধা দিলে তিনি ছাত্রীদের এলোপাতাড়ি মারধর শুরু করেন। একপর্যায়ে আশপাশের কক্ষের শিক্ষক ও ছাত্রীরা সুব্রত কুমারকে ধরে ফেলেন। এ খবর পেয়ে সাব্বির নামের আরেক যুবক জোর করে কলেজে ঢোকেন এবং সুব্রতকে উদ্ধারের চেষ্টা করেন। পুলিশ এ ঘটনায় এক যুবককে আটক করেছে। এ ঘটনার প্রতিবাদে কলেজের কয়েক শ ছাত্রী বিক্ষোভ মিছিল নিয়ে নাটোরের জেলা প্রশাসকের ফটকে এসে অবস্থান নেন। তাঁরা কার্যালয়ের প্রবেশপথ বন্ধ করে দেন। ছাত্রীরা শিক্ষার নিরাপদ পরিবেশ দাবি করে স্লোগান দিতে থাকেন। বেলা দেড়টার দিকে জেলা প্রশাসক মো. জাফর উল্লাহ ছাত্রীদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন। তিনি ঘটনার সুষ্ঠু বিচারের আশ্বাস দিলে ছাত্রীরা অবরোধ প্রত্যাহার করেন। কলেজের অধ্যক্ষ নার্গিস আক্তার বলেন, ‘সুরক্ষিত ফটক থাকার পরও সন্ত্রাসীরা যদি প্রহরীকে মারধর করে ভেতরে ঢোকে, তাহলে আমরা যাব কোথায়?’ তিনি এ ব্যাপারে অভিভাবকদের সহযোগিতা চান।