কলেজে ঢুকে শিক্ষার্থীদের মারধর, গুলিবর্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুখে কালো কাপড় বেঁধে একদল সশস্ত্র সন্ত্রাসী গতকাল সোমবার খুলনার দীঘলিয়া উপজেলার সরোয়ার খান ডিগ্রি কলেজে ঢুকে শিক্ষার্থীদের মারধর করেছে। সন্ত্রাসীরা এ সময় চারটি গুলি ছুড়লেও কেউ আহত হয়নি। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীর ভাষ্যমতে, গত রোববার কলেজের মাঠের এক কোনায় এক ছাত্রের পাশে বসে নোট নিচ্ছিলেন এক ছাত্রী। এ সময় অপর এক ছাত্র দুজনকে সেখান থেকে উঠে যেতে বলেন। এ নিয়ে দুই ছাত্রের মধ্যে বাকিবতণ্ডা হয়। এর জের ধরে দুই ছাত্রের পক্ষের ছাত্রদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ ঘটনার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের অভিভাবকদের খবর দেয় কলেজ কর্তৃপক্ষ এবং সব পক্ষকে নিয়ে বৈঠকের উদ্যোগ নেয়। গতকাল দুপুর ১২টার দিকে কলেজে সব পক্ষের বৈঠকের শেষ পর্যায়ে ১০-১২ জন সন্ত্রাসী মুখে কালো কাপড়ে বেঁধে বিভিন্ন ধরনের অস্ত্র হাতে নিয়ে কলেজে ঢুকে শিক্ষার্থীদের মারধর করা শুরু করে। সন্ত্রাসীরা চারটি গুলি করলেও তা কারও শরীরে লাগেনি। কিছু সময়ের মধ্যে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে।মারধরে কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র বিশ্বনাথ দে (১৮) গুরুতর আহত হয়েছেন। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের একজন শিক্ষার্থী বলেন, কলেজের মুসা গাজীর পক্ষের সঙ্গে সোহেল ও সাগর পক্ষের বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে। কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি গাজী আবদুল হালিম বলেন, এ ঘটনায় কলেজের পক্ষ থেকে মামলা করা হবে। আহত বিশ্বনাথের চিকি ৎসার সব ব্যয় কলেজ থেকে বহন করা হবে।দীঘলিয়া থানার উপপরিদর্শক আবদুল হাই বলেন, ‘সালিস বৈঠকের শেষ পর্যায়ে বহিরাগত কিছু লোক এসে কলেজে বিশৃঙ্খলা সৃষ্টি করে। শুনেছি চারটি গুলি হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক স্কুলছাত্রকে থানায় আনা হয়েছে।’