কলেজে তালা দিল 'যুবলীগ-ছাত্রলীগ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী কলেজের ১৪টি কক্ষে গতকাল শনিবার যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা তালা ঝুলিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আলতাফ হোসেন নামের একজন শিক্ষককে অধ্যক্ষ পদে নিয়োগ দেওয়ার দাবিতে তালা ঝোলানো হয়৷
প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থীরা বলেন, সকাল নয়টায় কলেজের সামনে জড়ো হন যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা। সকাল সাড়ে নয়টায় বদরখালী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক হামিদ উল্লাহ ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের নেতৃত্বে তাঁরা কলেজে ঢুকে ২০-২৫ জন শিক্ষার্থীকে বের করে দিয়ে ১৪টি কক্ষে তালা ঝুলিয়ে দেন। পরে তাঁরা বদরখালী বাজারে এসে বিক্ষোভ করেন।
কলেজে তালা ঝোলানোর অভিযোগ অস্বীকার করে হামিদ উল্লাহ প্রথম আলোকে বলেন, ‘কলেজে তালা ঝোলানোর সময় আমি ও জসিম ছিলাম না৷ তবে আমরা বিক্ষোভ মিছিলে ছিলাম।’ তিনি বলেন, আলতাফ হোসেন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে নানাভাবে হয়রানির শিকার হয়েছেন। তিনি বারবার অধ্যক্ষ পদের নিয়োগ পরীক্ষায় পাস করলেও তাঁকে নিয়োগ দেওয়া হয়নি। তাঁকে নিয়োগের দাবিতে বদরখালীর ছাত্র-জনতা কলেজের সব কটি কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছেন।
বদরখালী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আফসারুজ্জামান বলেন, গত শুক্রবার অধ্যক্ষ ও কম্পিউটার শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। অধ্যক্ষ পদে ১১ জন ও কম্পিউটার শিক্ষক পদে চারজন অংশ নেন। তিনি বলেন, ‘অধ্যক্ষ পদে মেধা তালিকায় ফজলুর রহমান প্রথম, আবদুল মান্নান চৌধুরী দ্বিতীয় ও আলতাফ হোসেন তৃতীয় হয়েছেন। কিন্তু গতকাল যুবলীগের নেতা হামিদ উল্লাহ, ছাত্রলীগের নেতা জসিম উদ্দিনসহ কিছু দুর্বৃত্ত আলতাফ হোসেনকে অধ্যক্ষ পদে নিয়োগ দিতে কলেজে তালা ঝুলিয়ে দেয়।’
বদরখালী কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ মো. ইলিয়াছ বলেন, নিয়োগ পরীক্ষায় আলতাফ হোসেন তৃতীয় স্থানে থাকার পরও তাঁকে নিয়োগ দিতে গত শুক্রবার সন্ধ্যা থেকে প্রভাবশালী ব্যক্তিরা ব্যাপক তদবির ও ষড়যন্ত্র করে আসছেন। গতকাল সকালে কলেজে তালা ঝোলানোর মাধ্যমে ওই ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ ঘটান তাঁরা।
মো. ইলিয়াছ বলেন, কলেজে হামলা ও তালা ঝোলানোর সঙ্গে জড়িত ব্যক্তি ও ইন্ধনদাতাদের বিরুদ্ধে মামলা করা হবে।