কলেজে পাঠদান বন্ধ রেখে প্যানেল মেয়রকে সংবর্ধনা

বরগুনার পাথরঘাটা ডিগ্রি কলেজে গত বৃহস্পতিবার পাঠদান (ক্লাস) বন্ধ রেখে শিক্ষার্থীদের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মেলনে যোগ দিতে বাধ্য করার অভিযোগ উঠেছে। সম্মেলন বলা হলেও মূলত ওই অনুষ্ঠান পৌরসভার প্যানেল মেয়র মোস্তাফিজুর রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে রূপ নেয়।
কলেজের কয়েকজন শিক্ষার্থী বলেন, বৃহস্পতিবার ‘রক্তের বন্ধন’ নামের সংগঠনের পাথরঘাটা ডিগ্রি কলেজ শাখার চতুর্থ সম্মেলনের আয়োজন করা হয় কলেজের মিলনায়তনে। এতে প্রধান অতিথি ছিলেন প্যানেল মেয়র মোস্তাফিজুর রহমান সোহেল। সকালে ক্লাস শুরুর আগেই সংগঠনটির উদ্যোক্তারা বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে ৭০০-৮০০ শিক্ষার্থীর প্রায় সবাইকে ডেকে নেন। বেলা ১১টার দিকে মোস্তাফিজুর রহমান কলেজে আসেন। কলেজ ফটক থেকে মিলনায়তনের পথে ২০-২৫ হাত দীর্ঘ লালগালিচা বিছিয়ে ও দুই পাশে শিক্ষার্থীদের দাঁড় করিয়ে ফুল ছিটিয়ে তাঁকে বরণ করা হয়।
সংগঠনটির উপজেলা শাখার সভাপতি রুহি আনান দানিয়ালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা ছাত্রলীগের সহসভাপতি হাবিবুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও পৌর কাউন্সিলর আবু বক্কর সিদ্দিক, কালমেঘা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য আমির হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক এম জহির রায়হান, পাথরঘাটা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি ফায়জুর রহমান প্রমুখ।
কয়েকজন শিক্ষক বলেন, সকালে ক্লাসের জন্য তাঁরা শ্রেণিকক্ষে গিয়েও শিক্ষার্থীদের পাননি। বেলা একটায় ওই অনুষ্ঠান শেষ হয়। দেড়টায় বিএ (পাস) পরীক্ষা শুরু হয়। ফলে বৃহস্পতিবার কোনো ক্লাস হয়নি।
শিক্ষার্থীদের অভিযোগ, মূলত প্যানেল মেয়রকে সংবর্ধনা দেওয়ার জন্যই ওই সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানের বিষয়ে কলেজের অন্তত আটজন শিক্ষার্থীর সঙ্গে কথা হয়। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা বলেন, ফুল ছিটানো ও সংবর্ধনার বিষয়ে তাঁরা বিব্রত হলেও অনেকটা বাধ্য হয়েই সেখানে উপস্থিত থাকতে হয়েছে তাঁদের। একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মেলন উপলক্ষে পাঠদান বন্ধ করে একজন প্যানেল মেয়রকে সংবর্ধনা দেওয়ার ঘটনা নজিরবিহীন।
কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমান গতকাল শুক্রবার বিকেলে বলেন, ‘বিকেলে পরীক্ষা ছিল। তাই সকালে পাঠদান বিরতির সময়ে ওই অনুষ্ঠান করার অনুমতি দিয়েছিলাম।’
রক্তের বন্ধনের উপজেলা শাখার সভাপতি ও কলেজ ছাত্রলীগের সভাপতি রুহি আনান দানিয়াল বলেন, ‘কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা অনুষ্ঠানে স্বেচ্ছায় এসেছেন। কাউকে জোর করে আনা হয়নি। প্যানেল মেয়র আমাদের সংগঠনের একজন শুভাকাঙ্ক্ষী। তাই তাঁকে সম্মেলনে দাওয়াত দেওয়া হয়েছিল।’
জানা যায়, প্যানেল মেয়র মোস্তাফিজুর রহমান ছাত্রলীগের সাবেক নেতা ও পাথরঘাটা বিএফডিসি মৎস্য বাজার ঘাটশ্রমিক ইউনিয়নের সভাপতি। তিনি রক্তের বন্ধনের পৃষ্ঠপোষক। ওই অনুষ্ঠান আয়োজনের খরচও তিনি বহন করেছেন।
মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘সংগঠনটির মাধ্যমে আমরা রক্তদান করি। আমি ওই সংগঠনের প্রধান উপদেষ্টা হিসেবে কলেজের সম্মেলনে গিয়েছিলাম। সেখানে কলেজের অধ্যক্ষ ও শিক্ষকেরা উপস্থিত ছিলেন।’ লালগালিচা বিছিয়ে বরণ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওরা ভালোবেসে আমাকে যদি লালগালিচা বিছিয়ে ফুল ছিটিয়ে বরণ করে এতে আমার কী করার আছে? এতে দোষের কী আছে?’