কলেজে পাসের হার বাড়াতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলেজে শিক্ষার মান ও পাসের হার বৃদ্ধি করতে হলে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কলেজ ব্যবস্থাপনা কমিটিকে সম্মিলিত উদ্যোগ নিতে হবে। একই সঙ্গে পর্যাপ্ত অবকাঠামো-ব্যবস্থা, ইংরেজি শিক্ষার প্রতি বিশেষ দৃষ্টি, প্রশিক্ষিত ও দক্ষ শিক্ষকের অভাব পূরণ এবং নিয়মিত পাঠদান ও পরীক্ষা নেওয়ার ওপর জোর দিতে হবে।গতকাল মঙ্গলবার বিকেলে কুমিল্লা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড মিলনায়নে ‘উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার মানোন্নয়নের চ্যালেঞ্জ ও করণীয়’ শীর্ষক কর্মশালায় বক্তারা এসব কথা বলেন। কুমিল্লা শিক্ষা বোর্ড এ কর্মশালার আয়োজন করে।বোর্ডের কলেজ পরিদর্শক মো. নিজামুল করিমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন বের্ডের চেয়ারম্যান কুণ্ডু গোপীদাস। বিভিন্ন পর্বে বক্তব্য দেন বোর্ডের সচিব মো. অলিউর রহমান, বিদ্যালয় পরিদর্শক সোমেষ কর চৌধুরী, উপ-কলেজ পরিদর্শক বিজন কুমার চক্রবর্তী ও বিভিন্ন কলেজের অধ্যক্ষরা। কর্মশালায় যোগ দেন বোর্ডের অধীন ৫৪টি কলেজের অধ্যক্ষরা। অধ্যক্ষরা পাঁচটি দলে বিভক্ত হয়ে দলীয় প্রতিবেদন প্রণয়ন ও উপস্থাপন করেন। এতে তাঁরা উচ্চমাধ্যমিকে কাঙ্ক্ষিত ফল অর্জনের বাধাগুলো উল্লেখ করেন। কর্মশালায় অধ্যক্ষরা জানান, শিক্ষার মানোন্নয়নের জন্য বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। গত ১০ সেপ্টেম্বর প্রথম আলোর ৪ নম্বর পৃষ্ঠায় ‘৫৪ কলেজের অধ্যক্ষদের কারণ দর্শানোর নোটিশ’ শীর্ষক একটি প্রতিবেদন ছাপা হয়। ২০১১ সালে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৫০ শতাংশের নিচে থাকায় অধ্যক্ষদের ওই কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বোর্ড।