কলেজে ভর্তিতে বেশি টাকা আদায়
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, একাদশ শ্রেণীতে ভর্তি ফি সর্বোচ্চ পাঁচ হাজার টাকা নেওয়া যাবে। কিন্তু এ নির্দেশনা মানছে না অধিকাংশ কলেজ।রাজধানীর ভিকারুননিসা স্কুল ও কলেজ, মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজসহ কিছু প্রতিষ্ঠানে নির্ধারিত সর্বোচ্চ ফির দ্বিগুণ কিংবা তিনগুণের বেশি টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। ভিকারুননিসা ও আইডিয়ালে এরই মধ্যে অভ্যন্তরীণ (স্কুল শাখা থেকে উত্তীর্ণ) শিক্ষার্থীদের ভর্তি শেষ হয়েছে। এখন বাইরের শিক্ষার্থীদের ভর্তি করা হবে। ঢাকা বোর্ডের অধীনে যে ১৯টি কলেজে মুঠোফোনে ভর্তির আবেদন করা হয়েছিল, সেগুলোর ফল প্রকাশ হবে আজ রোববার। তাদের মধ্যেও কোনো কোনো কলেজ ভর্তি ফি নির্ধারণ করেছে; যা সরকার নির্ধারিত ফির অনেক বেশি। শিক্ষা প্রশাসন অতিরিক্ত ফি আদায়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বললেও বাস্তবে তা না করায় কলেজগুলো প্রতিবারই একই কাজ করছে। এর মাশুল গুনছেন শিক্ষার্থী ও অভিভাবকেরা।গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জারি করা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকেরা সরকার থেকে মূল বেতন পান (এমপিওভুক্ত) সেগুলোতে যেকোনো শ্রেণীতে ভর্তি ফির সঙ্গে উন্নয়ন ফি, সেশন ফি বা অন্য কোনো খাতের অর্থ মিলিয়ে পাঁচ হাজার টাকার বেশি নেওয়া যাবে না। রাজধানীর ভিকারুনননিসা নূন স্কুল ও কলেজের অধ্যক্ষ হোসনে আরা বেগম প্রথম আলোকে বলেন, তাঁদের কলেজে ভর্তির সময় শাখাভেদে ১২ থেকে সাড়ে ১৩ হাজার টাকা ফি ধার্য করা হয়েছে। এর মধ্যে উন্নয়ন ফি নেওয়া হচ্ছে পাঁচ হাজার টাকা। এটি প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সিদ্ধান্তে করা হয়েছে। তিনি বলেন, ‘আমাদের প্রতিষ্ঠানে কিছু শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত। বাকি সিংহভাগই প্রতিষ্ঠান থেকে বেতন-ভাতা নেন। এ জন্য ফি একটু বেশি।’ এ কলেজে আজ মুঠোফোনে আবেদন করা বাইরের শিক্ষার্থীদের ফল বোর্ড থেকে জানানোর পর তাদের ভর্তি করা হবে।মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজের অভ্যন্তরীণ ভর্তি শুরু করা হয়েছে অতিরিক্ত ফি নিয়ে। অধ্যক্ষ শাহান আরা বেগম জানান, তাঁদের প্রতিষ্ঠানে ভর্তির সময় ফি সব মিলিয়ে ১১ হাজার টাকার মতো নির্ধারণ করা হয়েছে। আবার কিছু কমও আছে। সেটা নির্ভর করে ব্যবহারিক বিষয়ের ওপর। তিনি বলেন, প্রতিষ্ঠানে অনেক শিক্ষক আছেন, যাঁরা এখনো এমপিওভুক্ত নন। তাঁদের বেতন-ভাতা ও প্রতিষ্ঠান পরিচালনা খরচের জন্য পরিচালনা কমিটি যা ভালো মনে করেছে, তাই করা হয়েছে। ঢাকা সিটি কলেজে যোগাযোগ করা হলে একজন কর্মকর্তা জানান, তাঁদের কলেজে ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির সময় সব মিলিয়ে ফি নির্ধারণ করা হয়েছে ১৭ হাজার ৫৯২ টাকা। আর বিজ্ঞান ও মানবিকে লাগবে ১৫ হাজার ৫৯২ টাকা। এ কলেজেও মুঠোফোনে আবেদন গ্রহণ করা হয়।ঢাকার তেজগাঁও কলেজে যোগাযোগ করা হলে কলেজ কার্যালয় থেকে জানানো হয়, ভর্তির জন্য সব মিলিয়ে নয় হাজার ২০ টাকা ফি নির্ধারণ করা হলেও ব্যবহারিক বিষয় থাকলে তা কিছু বাড়বে। এ কলেজও মুঠোফোনের ফল প্রকাশের অপেক্ষায় আছে।উদয়ন স্কুল ও কলেজের অধ্যক্ষ খালেদা হাবিব জানান, তাঁরা কাল থেকে ভর্তি শুরু করবেন। তাঁদের প্রতিষ্ঠানে ভর্তিতে ছয় থেকে সাত হাজার টাকা লাগবে। ঢাকাসহ বাইরের আরও কিছু কলেজে বাড়তি ফির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান উর রশীদ প্রথম আলোকে বলেন, শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র অনুযায়ী যে ভর্তি ফি নেওয়ার কথা, তা মানতে হবে। না মানলে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।