কলেজে ভর্তির জন্য নম্বরপত্র আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক৷ দুটি কারিগির কলেজের অধ্যক্ষ৷ এর মধ্যে আবার একটি কলেজেরও অধ্যক্ষ৷ তাঁর কলেজে ভর্তির জন্য তিনি বিদ্যালয় থেকে এসএসসি পাস করা শিক্ষার্থীদের নম্বরপত্র ও প্রশংসাপত্র আটকে রেখেছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷
এ ঘটনার প্রতিবাদে এবং নম্বরপত্র ও প্রশংসাপত্র দ্রুত দেওয়ার দাবিতে শতাধিক শিক্ষার্থী ওই শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধন করেছে৷ গত বুধবার দুপুরে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের সামনে মানববন্ধন করা হয়৷
শিক্ষার্থীরা জানায়, তারা প্রায় ১৫০ জন এ বছর গোয়ালন্দের আইডিয়াল হাইস্কুলের ভোকেশনাল শাখায় পরীক্ষা দিয়ে এসএসসি পাস করে৷ পাসের পর অন্যত্র ভর্তির জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফকির আবদুল কাদেরের কাছে নম্বরপত্র ও প্রশংসাপত্রের জন্য গেলে তিনি তাঁর প্রতিষ্ঠিত এফকে টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে ভর্তির জন্য চাপ দেন; নইলে কাগজপত্র দেওয়া হবে না বলে জানিয়ে দেন৷ কিন্তু ওই কলেজে কয়েক গুণ বেশি অর্থ আদায়ের অভিযোগ থাকায় অধিকাংশ দরিদ্র পরিবারের শিক্ষার্থী সেখানে ভর্তি হতে পারবে না বলে জানায়৷ তবু আবদুল কাদের নম্বরপত্র ও প্রশংসাপত্র না দিয়ে উল্টো খারাপ আচরণ করেন৷ এ ঘটনায় শিক্ষার্থীরা গত মঙ্গলবার ইউএনওর কাছে লিখিত অভিযোগ দেয়৷
শিক্ষার্থী সুজন শেখ বলে, ‘প্রধান শিক্ষকের কাছে মার্কশিটের জন্য গেলে তিনি অভিভাবককে সঙ্গে আনতে বলেন৷ কথামতো আমার বাবা ইছাক শেখকে নিয়ে গত সোমবার বিদ্যালয়ে গেলে প্রধান শিক্ষক মার্কশিট না দিয়ে উল্টো খারাপ আচরণ ও গালমন্দ করেন৷’ একই ধরনের অভিযোগ করে শিক্ষার্থী ঈশিতা আক্তার, ইমরান সরদার, মামুন শেখ, বিধান কুমার সরকার, নাজমুল হোসেন, মজনু শেখ, রুবেল শেখ, ফারুক শেখসহ আরও অনেকে৷
মানববন্ধনে অংশ নেওয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি এ বি এম বাতেন বলেন, ‘সাধারণ অনেক শিক্ষার্থী আমাকে বিষয়টি জানালে প্রধান শিক্ষকের কাছে গিয়ে মার্কশিট ও প্রশংসাপত্র দেওয়ার অনুরোধ করি৷ কিন্তু তিনি এ কথায় কোনো কর্ণপাত না করে আমার সঙ্গেও খারাপ আচরণ করেন৷’
বাতেন আরও বলেন, ‘ফকির আবদুল কাদের আইডিয়াল হাইস্কুলের প্রধান শিক্ষক৷ একই সঙ্গে এফকে টেকনিক্যাল অ্যান্ড বিএম মহিলা কলেজের অধ্যক্ষ৷ একই ব্যক্তি দুটি প্রতিষ্ঠানের প্রধান হন কীভাবে, এটা আমার বোধগম্য নয়৷’
এ ব্যাপারে ফকির আবদুল কাদের প্রথম আলোকে বলেন, ‘আমার প্রতিষ্ঠিত কলেজটি কাছেই৷ সেখানে ভর্তি হলে শিক্ষার্থীরা বেশি সুযোগ-সুবিধা পাবে বলে তাদের একটু চাপাচািপ করেছি৷’
ইউএনও পঙ্কজ ঘোষ বলেন, শিক্ষার্থীদের অভিযোগের পর প্রধান শিক্ষক আবদুল কাদেরকে চিঠি দেওয়া হয়৷ একই সঙ্গে গতকাল দুপুরে তাঁকে ডেকে নম্বরপত্র ও প্রশংসাপত্র দিতে বলা হয়েছে৷